রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার বাসায় এ ধরনের কর্মকাণ্ডের খবর গণমাধ্যমে প্রকাশের ফলে জনমনে পুলিশের প্রতি নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এবং পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে

অতিরিক্ত ডিআইজি জহির সাময়িক বরখাস্ত

প্রকাশিত - ৩১ অক্টোবর, ২০২৬   ১১:২০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : রাজধানীর ভাটারা থানাধীন এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও ৮৫ জনকে আটকের ঘটনায় বাড়ির মালিক পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ৩১ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার বাসায় এ ধরনের কর্মকাণ্ডের খবর গণমাধ্যমে প্রকাশের ফলে জনমনে পুলিশের প্রতি নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এবং পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। তার এই আচরণকে শিষ্টাচারবহির্ভূত ও বিভাগীয় নিয়ম-শৃঙ্খলার পরিপন্থী হিসেবে গণ্য করা হয়েছে।

গত ১৯ অক্টোবর গভীর রাতে রাজধানীর ভাটারা থানাধীন পুলিশ হাউজিং আবাসিক এলাকায় আব্দুল্লাহ আল জহিরের বাসভবনে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই বাড়িতে ডিজে পার্টির আড়ালে রাতভর অবৈধ মাদক কেনাবেচা, সেবন এবং অনৈতিক কর্মকাণ্ড চলছিল। অভিযানকালে ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা, মদ ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ২৬ জন নারীসহ ৮৪ জনকে আটক করা হয়। এর পরপরই আব্দুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখা থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছিল। পরে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়, যা গত ২৫ অক্টোবর থেকে কার্যকর ধরা হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।