রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয় স্থানান্তরে শিক্ষার্থীদের আপত্তি

প্রকাশিত - ২৮ অক্টোবর, ২০২৬   ০৭:০৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদে মেলার বিভিন্ন স্থাপনা ভাঙচুরের অভিযোগ উঠেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে। ২৮ অক্টোবর সকালে ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী মাঠে গিয়ে মেলার গেট ও বিভিন্ন স্টল ভাঙচুর করেন বলে অভিযোগ করেছেন সেখানে কর্মরত ব্যক্তিরা।

জানা গেছে, পুরাতন বাণিজ্য মেলার মাঠে মাসব্যাপী ‘এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৬’ আয়োজনের প্রস্তুতি চলছিল। এ জন্য মাঠে প্রবেশপথের গেট ও বিভিন্ন স্টল নির্মাণ করা হচ্ছিল।

মেলার কাজে নিয়োজিত প্রধান মিস্ত্রির অভিযোগ, ভাঙচুরের কারণে তাঁদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। মেলার স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলে তাঁরা তা মেনে নিতেন। কিন্তু হঠাৎ ভাঙচুর চালিয়ে নির্মাণসামগ্রী নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

মেলার কাজে যুক্ত ব্যক্তিরা জানান, কর্তৃপক্ষের অনুমতি নিয়েই সেখানে মেলার প্রস্তুতি চলছিল। এ প্রকল্পে প্রায় এক কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বলেও তাঁদের দাবি। ভাঙচুরের সময় পুলিশ বা প্রশাসনের কাউকে বাধা দিতে দেখা যায়নি বলে অভিযোগ করেন তাঁরা।

অন্যদিকে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি, মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দিতে হবে। সেখানে সচিবালয় নির্মাণের পরিবর্তে গবেষণার কাজে ব্যবহারের সুযোগ দিতে হবে। তাঁদের বক্তব্য, মাঠটিতে সচিবালয় স্থাপন করতে দেওয়া হবে না।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের সেকেন্ড ইন কমান্ড (টুআইসি) মো. ফজলু জানান, শিক্ষার্থীরা সেখানে সচিবালয় নির্মাণের বিরোধিতা করছেন এবং মাঠটি গবেষণার কাজে ব্যবহারের দাবি জানাচ্ছেন। তবে মেলা আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি রয়েছে বলে জানান তিনি।

এর আগে, সচিবালয় স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে মাঠটিতে মাটির গুণাগুণ পরীক্ষার কাজ চলছিল। এ সময় শিক্ষার্থীরা বিক্ষোভ করে পরীক্ষার যন্ত্রাংশ ও দুটি গাড়ি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যান বলে জানা গেছে।

ঘটনাটি নিয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ও শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।