রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
‎ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট

প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত - ২৪ অক্টোবর, ২০২৬   ০২:৩৮ পিএম
webnews24

‎মোংলা বন্দরের জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শন শেষে ফেরার পথে নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করতে প্রটোকল ভেঙে গাড়ি থেকে নেমে আসেন তিনি। এ সময় উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলেন এবং হাত নেড়ে তাঁদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

‎

‎বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মোংলা বন্দরের জেটিতে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সেখানে প্রায় ৫০ মিনিট অবস্থান করে বন্দরের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি। পরে বিকেল সোয়া ৪টার পর জেটি থেকে বের হয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে রওনা হন।

‎

‎পথে নেতা-কর্মীদের আগ্রহ দেখে গাড়ি থেকে নেমে তাঁদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় কয়েকজনের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পাশাপাশি উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। তাঁর এই উপস্থিতিতে সেখানে উৎসুক মানুষের ভিড় দেখা যায়।

‎

‎পরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে মোংলা ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

‎

‎এর আগে বৃহস্পতিবার সকালে মোংলা বন্দরের হিরন পয়েন্ট ও সুন্দরবন পর্যবেক্ষণ করেন তারেক রহমান। সেখান থেকে খুলনার দাকোপ উপজেলার নলিয়ানে যান তিনি। পরে নৌপথে দুপুর পৌনে ১টার দিকে মোংলার দিগরাজ নৌঘাঁটিতে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস আবু বকর পরিদর্শন করেন এবং মধ্যাহ্নবিরতি করেন।

‎

‎এরপর নৌঘাঁটি থেকে বের হয়ে মোংলা বন্দরের জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। বন্দরের অবকাঠামো ও অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

‎

‎পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, খুলনা বিভাগীয় কমিশনার এবং বাগেরহাটের জেলা প্রশাসক।

‎

‎প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে মোংলা বন্দর ও আশপাশের এলাকায় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।