রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব

প্রকাশিত - ২১ অক্টোবর, ২০২৬   ১২:৫২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ২১ অক্টোবর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে পাঁচ দিনের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। দেবী দুর্গার বিদায়ে মণ্ডপে মণ্ডপে এখন বিষাদের সুর।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, বিজয়া দশমীতে দেবী দুর্গা মর্ত্যলোক ছেড়ে কৈলাসে ফিরে যান। তাই বিদায়ের এই ক্ষণে ভক্তদের মধ্যে বিরাজ করে আনন্দ ও বিষাদের মিশ্র অনুভূতি। ঢাকের বাদ্য আর শঙ্খধ্বনির মধ্য দিয়ে দেবীকে বিদায় জানাবেন তাঁরা।

বিজয়া দশমী উপলক্ষে সকালে দেশের বিভিন্ন পূজামণ্ডপে বিহিত পূজা অনুষ্ঠিত হবে। এরপর দর্পণ বিসর্জনসহ ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় আয়োজন ও সুবিধাজনক সময়ে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।

দেবীর বিদায়ের আগে বিভিন্ন মণ্ডপে সিঁদুর খেলায় অংশ নেবেন সনাতনী নারীরা। দেবীর চরণে সিঁদুর নিবেদন করে তাঁরা একে অপরকে সিঁদুর পরিয়ে দেবেন। এরপর শেষবারের মতো দেবীর আরাধনা করে বিদায় জানাবেন।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, বিজয়া দশমীর মূল তাৎপর্য হলো মানুষের মনের অসুরিক প্রবৃত্তি—কাম, ক্রোধ, হিংসা ও লালসা বিসর্জন দেওয়া। পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে এ উৎসবের শিক্ষা জীবনে ধারণ করার আহ্বান জানান ধর্মীয় অনুসারীরা।

ধর্মীয় বিশ্বাস ও প্রচলিত শাস্ত্রীয় রীতি অনুযায়ী, এবার দেবী দুর্গার আগমন হয়েছে ঘোড়ায় এবং গমন করছেন নৌকায়। দেবীর আগমন ও গমন নিয়ে প্রচলিত নানা ধর্মীয় ব্যাখ্যা রয়েছে।

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বিদায় নেবেন দেবী দুর্গা। আবারও একটি নতুন বছরের দুর্গোৎসবের অপেক্ষায় থাকবেন ভক্তরা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।