রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কবি রুদ্রর ৭০তম জন্মবার্ষিকীতে মোংলায় নানা আয়োজন

প্রকাশিত - ১৭ অক্টোবর, ২০২৬   ০২:২৪ পিএম
webnews24

‎‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’—কালজয়ী এই গানের স্রষ্টা কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী আজ শুক্রবার (১৬ অক্টোবর)। তারুণ্য, সাম্য, অসাম্প্রদায়িকতা ও প্রতিবাদী চেতনার এই কবিকে স্মরণ করতে তাঁর জন্মস্থান বাগেরহাটের মোংলা উপজেলার মিঠেখালিতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে রুদ্র স্মৃতি সংসদ।

‎

‎শুক্রবার সকালে কবির গ্রামের বাড়ি মিঠেখালিতে শোভাযাত্রা বের করা হয়। পরে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল, দোয়া ও স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেলে মিঠেখালি ফুটবল মাঠে বাগেরহাট সোনালী অতীত ও মোংলা সোনালী অতীতের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। সন্ধ্যায় রুদ্র স্মৃতি সংসদ কার্যালয়ে কবির রচিত গান পরিবেশন করে তাঁর গড়া সাংস্কৃতিক সংগঠন ‘অন্তর বাজাও’।

‎

‎১৯৫৬ সালের ১৬ অক্টোবর মোংলার মিঠেখালিতে জন্মগ্রহণ করেন রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ। অল্প বয়সেই বাংলা কবিতায় নিজস্ব কাব্যভাষা ও স্বতন্ত্র ভাবনার পরিচয় দেন তিনি। মাত্র ৩৫ বছরের জীবনে কবিতা, গান ও সাহিত্যচর্চার মধ্য দিয়ে হয়ে ওঠেন প্রতিবাদী তারুণ্যের অন্যতম প্রতীক। ১৯৯১ সালের ২১ জুন তাঁর অকালমৃত্যু হলেও সৃষ্টিশীলতার শক্তিতে তিনি আজও বেঁচে আছেন পাঠক ও শ্রোতার হৃদয়ে।

‎

‎রুদ্রর কবিতায় বারবার উঠে এসেছে মুক্তিযুদ্ধের চেতনা, সাম্যবাদ, অসাম্প্রদায়িকতা, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। ‘জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরোনো শকুন’—তাঁর এই উচ্চারণ অন্যায় ও প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে আছে। আবার ‘দিন আসবেই দিন সমতার’ পঙ্‌ক্তিতে ফুটে উঠেছে একটি ন্যায়ভিত্তিক সমাজের স্বপ্ন।

‎

‎তাঁর কবিতার শক্তি কেবল প্রতিবাদে সীমাবদ্ধ নয়। প্রেম, বিরহ, স্বপ্ন, সৌন্দর্য ও মানুষের অন্তর্গত অনুভূতিও তাঁর লেখায় পেয়েছে গভীর প্রকাশ। জীবন ও সমাজকে দেখার স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি, স্পষ্ট উচ্চারণ এবং অন্যায়ের সঙ্গে আপস না করার মানসিকতা তাঁকে বাংলা কবিতায় আলাদা পরিচিতি দিয়েছে।

‎

‎স্বল্পায়ু জীবনে রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ সাতটি কাব্যগ্রন্থসহ গল্প, কাব্যনাট্য এবং অর্ধশতাধিক গান রচনা ও সুরারোপ করেন। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘উপদ্রুত উপকূল’ ও ‘ফিরে চাই স্বর্ণগ্রাম’। সাহিত্যচর্চার পাশাপাশি সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদ গঠনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কবিতা ও সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে তিনি যে প্রতিবাদী চেতনার প্রকাশ ঘটিয়েছেন, তা পরবর্তী প্রজন্মের সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীদেরও অনুপ্রাণিত করেছে।

‎

‎কবির লেখা ও সুর করা ‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গানটি দুই বাংলার শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। গানটির জন্য তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির ১৯৯৭ সালের শ্রেষ্ঠ গীতিকারের সম্মাননা মরণোত্তর লাভ করেন। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে তাঁকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়।

‎

‎জন্মভূমি মোংলার মিঠেখালিতে প্রতিবছর নানা আয়োজনের মধ্য দিয়ে কবিকে স্মরণ করেন তাঁর অনুরাগী, স্বজন ও সাংস্কৃতিক কর্মীরা। এবারের আয়োজনেও কবির সাহিত্যকর্ম, গান এবং সাম্য ও মানবমুক্তির আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

‎

‎সময় পেরিয়ে গেলেও রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর কবিতা ও গান মানুষের অধিকার, সাম্য এবং মুক্তির আকাঙ্ক্ষাকে নতুন করে জাগিয়ে তোলে। তাঁর জন্মবার্ষিকীতে তাই কবিকে স্মরণ করার পাশাপাশি তাঁর জীবনদর্শন ও প্রতিবাদী চেতনাকে ধারণ করার আহ্বানও জানাচ্ছেন তাঁর অনুরাগীরা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।