রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি

প্রকাশিত - ১৫ অক্টোবর, ২০২৬   ০৯:৫৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: হরমুজ প্রণালিতে পণ্যবাহী একটি জাহাজ ডুবে যাওয়ার পর সাগরের পানিতে ভাসতে দেখা গেছে আইফোনের বাক্স ও দামি সুগন্ধির প্যাকেট। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ছোট নৌকায় থাকা কয়েকজনকে পানিতে ভাসমান পণ্য সংগ্রহ করতে দেখা যায়। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে টিভির প্রতিবেদন অনুযায়ী, সিঙ্গাপুরের পতাকাবাহী ‘জিএফএস প্রাইড’ নামের কনটেইনার জাহাজটি দুবাই থেকে পণ্য নিয়ে যাচ্ছিল। গত বুধবার হামলার শিকার হওয়ার পর জাহাজটিতে আগুন ধরে যায়। পরে এটি হরমুজ প্রণালিতে ডুবে যায়।

সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি জানিয়েছে, জাহাজটির ২১ জন নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটিতে প্রায় ২ হাজার ৫০০টি কনটেইনার ছিল। এসব কনটেইনারে আইফোন, দামি সুগন্ধি ও বিভিন্ন ধরনের পণ্য পরিবহন করা হচ্ছিল। জাহাজডুবির পর কিছু পণ্য সাগরে ছড়িয়ে পড়ে।

জাহাজডুবির কারণ নিয়ে ভিন্ন বক্তব্য : জাহাজটি কীভাবে ডুবেছে, তা নিয়ে ভিন্ন দাবি পাওয়া গেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) দাবি, অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় নৌমাইনে আঘাত পেয়ে জাহাজটি ডুবে যায়। অন্যদিকে, সামুদ্রিক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, জাহাজটিতে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র বা প্রক্ষেপণাস্ত্রের আঘাত লেগেছিল। ফলে জাহাজডুবির প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।

এদিকে, হরমুজ প্রণালির কাছাকাছি ‘কেপ দাও’ নামের অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী একটি বাল্ক ক্যারিয়ারও ডুবে গেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার কয়েক সপ্তাহ পর জাহাজটি ডুবে যায়। ওই হামলায় একজন নাবিক নিহত হন।

৪৮ ঘণ্টায় বাণিজ্যিক জাহাজে অন্তত পাঁচটি হামলা : যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালি ও এর আশপাশে গত ৪৮ ঘণ্টায় ট্যাংকারসহ বাণিজ্যিক জাহাজে অন্তত পাঁচটি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব হামলার মধ্যে ড্রোন হামলাও রয়েছে।

এ পরিস্থিতিতে বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথটিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত করার চেষ্টা করছে ইরান। এর প্রভাব পড়তে পারে বিশ্ব জ্বালানি সরবরাহ, তেলের দাম এবং আন্তর্জাতিক বাণিজ্যে।

বিশ্লেষকদের মতে, এ অঞ্চলে সংঘাত দীর্ঘায়িত হলে জ্বালানি পরিবহন ও বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা আরও বাড়তে পারে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।