রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

৬ বছর পর অভিনয়ে ফিরছেন বিপাশা বসু

প্রকাশিত - ১৩ অক্টোবর, ২০২৬   ১১:৪৪ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : বলিউড অভিনেত্রী বিপাশা বসু। দীর্ঘ ছয় বছর পর অভিনয়ে ফিরছেন তিনি। দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, নির্মাতা হংসল মেহতার পরিচালনায় একটি নাম চূড়ান্ত না হওয়া ওয়েব সিরিজের শুটিং শুরু করেছেন বিপাশা। সিরিজটিতে আরও অভিনয় করছেন সানি কৌশল ও বিশাল জেঠওয়া। এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে। তবে সিরিজের নাম, বিপাশার চরিত্র এবং মুক্তির তারিখ এখনো প্রকাশ করা হয়নি। সিরিজটির চিত্রনাট্য লিখেছেন কাশ্যপ কাপুর ও রাঘব রাজ কাক্কার।

সিরিজটির প্রযোজনা করছেন প্রভলীন সান্ধু। তার প্রযোজনা প্রতিষ্ঠান আলমাইটি মোশন পিকচার্সের ব্যানারে নির্মিত হচ্ছে এটি। নতুন সিরিজটির গল্প আবর্তিত হয়েছে এমন একটি ছোট শহরকে ঘিরে, যেটি ধীরে ধীরে মহাদেশের হেরোইন ব্যবসার অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হওয়ার পথে। সেখানে অপরাধজগতের প্রভাব বাড়তে থাকায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

সিরিজে একজন সৎ ও আপসহীন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন সানি কৌশল। দায়িত্ব পালন করতে গিয়ে তাকে নিজের বিভাগের ভেতরে ও বাইরে থাকা ক্ষমতাধর ব্যক্তিদের মোকাবেলা করতে হয়। নিজের সততা বজায় রাখার পাশাপাশি মানবিক মূল্যবোধের পরীক্ষারও মুখোমুখি হতে হয় তাকে। তবে বিপাশা বসু ও বিশাল জেঠওয়ার চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত জানানো হয়নি। তাদের চরিত্র গল্পের কোন পর্যায়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, সে বিষয়েও নির্মাতারা মুখ খোলেননি।

 বিয়ের পর থেকে অভিনয়ে তুলনামূলক কম দেখা গেছে বিপাশা বসুকে। ২০১৬ সালের এপ্রিলে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ের পর বেশির ভাগ সময় পরিবারকেই দিয়েছেন তিনি। ২০২২ সালের নভেম্বরে এই দম্পতির ঘরে জন্ম নেয় কন্যাসন্তান দেবী। এর আগে ২০২০ সালে করণ সিং গ্রোভারের সঙ্গে ‘ডেঞ্জারাস’ ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন বিপাশা। ক্রাইম থ্রিলারধর্মী সিরিজটি ছিল তার অভিনীত সর্বশেষ উল্লেখযোগ্য পর্দার কাজগুলোর একটি।

এর আগে ২০১৫ সালের জানুয়ারিতে মুক্তি পাওয়া ভৌতিক সিনেমা ‘অ্যালোন’-এ দ্বৈত চরিত্রে অভিনয় করেন তিনি। ছবিটিতে সঞ্জনা ও অঞ্জনা নামের যমজ দুই বোনের ভূমিকায় দেখা যায় তাকে। বিপাশার বিপরীতে ছিলেন করণ সিং গ্রোভার। দীর্ঘ বিরতির পর নতুন সিরিজের শুটিংয়ে অংশ নেওয়া তার অভিনয়জীবনে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। তবে এই কাজে তাকে ঠিক কী ধরনের চরিত্রে দেখা যাবে, তা জানার জন্য অপেক্ষা করতে হবে দর্শকদের।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।