রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসের পরও হারল বাংলাদেশ

প্রকাশিত - ০৮ অক্টোবর, ২০২৬   ১২:৩৮ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন :  বোলারদের ছন্দহীনতার পর মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করেও হার মানতে হলো বাংলাদেশকে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৬ এর সপ্তম ম্যাচে ফলে ৩৭ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। পাহাড়সম ২০৪ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে একপ্রান্তে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের বিধ্বংসী ইনিংস সত্ত্বেও শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ১৬৬ রানেই থেমে যায় লাল-সবুজের দল।

ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে বাংলাদেশের বোলাররা। শুরু থেকেই অজি ব্যাটারদের আগ্রাসী মেজাজের সামনে দিশেহারা হয়ে পড়ে বোলিং আক্রমণ। ডেভিড ওয়ার্নারের দৃষ্টিনন্দন ৬৬ এবং কালাম ফার্গুসনের কার্যকর ৬৩ রানের ওপর ভর করে শক্ত ভিত গড়ে অস্ট্রেলিয়া। ইনিংসের শেষ দিকে বেন ডাঙ্কের তাণ্ডবে নির্ধারিত ওভার শেষে ২০৩ রানের রানের পাহাড় দাঁড় করায় তারা। বাংলাদেশের পক্ষে বল হাতে আবু জায়েদ রাহী ৩টি, জিয়াউর রহমান ২টি এবং পেসার রুবেল হোসেন ১টি উইকেট শিকার করেন।

পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল ইতিবাচক ও আশাব্যঞ্জক। উদ্বোধনী জুটিতে ওপেনার ইমরুল কায়েসের ৪১ এবং ফজলে মাহমুদ রাব্বির ২৭ রানের ওপর ভর করে লড়াইয়ে ভালোভাবেই টিকে ছিল দল। কিন্তু দলীয় ৭১ রানে কায়েস ও রাব্বি দ্রুত সাজঘরে ফিরলে দলের ইনিংসে হঠাৎ ছন্দপতন ঘটে। মিডল অর্ডারের অন্যান্য ব্যাটসম্যানরা উইকেটে এসে দায়িত্বজ্ঞানহীন শট খেলে একে একে বিদায় নিলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

তবে একপ্রান্ত আগলে রেখে একাই অবিশ্বাস্য পাল্টা আক্রমণ শুরু করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। মাত্র ২৬ বলে অর্ধশতক হাঁকিয়ে অস্ট্রেলীয় বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান তিনি। শেষ পর্যন্ত ৩৫ বলে ৮টি বিশাল ছক্কায় সাজানো তার ৭৩ রানের ইনিংসটি বাংলাদেশকে ম্যাচে টিকিয়ে রাখার মরিয়া চেষ্টা চালায়। কিন্তু বিপরীত প্রান্ত থেকে প্রয়োজনীয় সঙ্গ না পাওয়ায় এবং শেষ ওভারে সমীকরণ অসম্ভব হয়ে ওঠায় নির্ধারিত ওভারে ১৬৬ রানেই আটকে যায় ইনিংস। মাহমুদউল্লাহর অসাধারণ লড়াই সত্ত্বেও ৩৭ রানের আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় দলকে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।