রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানের সঙ্গে পুনঃএকত্রীকরণের প্রচেষ্টা এগিয়ে নেওয়ার আহ্বান শি জিনপিংয়ের

প্রকাশিত - ৩০ সেপ্টেম্বর, ২০২৬   ১১:১৭ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন :  চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানের সঙ্গে ‘পুনঃএকত্রীকরণ’-এর লক্ষ্যে প্রচেষ্টা আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার চীনের জাতীয় দিবসের প্রাক্কালে দেওয়া এক ভাষণে তিনি এ আহ্বান জানান। শি তার ভাষণে তাইওয়ান ইস্যুতে ‘বাইনের হস্তক্ষেপ’ প্রত্যাখ্যান করেন। চীনের গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকীর কয়েক দিন আগে তিনি এ বক্তব্য দিলেন।

এর কয়েক দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় ওয়াশিংটনের তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করা উচিত বলে মন্তব্য করেছিলেন শি। বেইজিং স্বশাসিত ও গণতান্ত্রিক তাইওয়ানকে চীনের ভূখণ্ডের অংশ বলে দাবি করে এবং দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে শক্তি প্রয়োগের পথও খোলা রেখেছে।

শি বলেন, ‘আমাদের অবশ্যই তাইওয়ান প্রণালির দুই পাড়ের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও গভীর করতে হবে, ‘তাইওয়ানের স্বাধীনতা’র পক্ষে বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে দৃঢ়ভাবে ব্যবস্থা নিতে হবে, বহিরাগত শক্তির হস্তক্ষেপের বিরোধিতা করতে হবে, দুই পাড়ের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়ন এগিয়ে নিতে হবে এবং জাতীয় পুনরেকত্রীকরণের মহান লক্ষ্য এগিয়ে নিতে হবে।’

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে শত শত অতিথির সামনে শি এ ভাষণ দেন। ১৯৪৯ সালের ১ অক্টোবর দুই দশক ধরে চলা গৃহযুদ্ধের শেষে কমিউনিস্ট বাহিনী জাতীয়তাবাদী কুওমিনতাং বাহিনীকে পরাজিত করার পর গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হয়। পরাজিত জাতীয়তাবাদীরা তাইওয়ানে পালিয়ে যায়।নিজেদের নিরাপত্তার জন্য তাইওয়ান যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। এর মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনাও রয়েছে।

গত সপ্তাহে শি রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটন যান। সেখানে তিনি ট্রাম্পকে তাইওয়ান ইস্যুতে ‘বিচক্ষণতা’ প্রদর্শনের আহ্বান জানান এবং দ্বীপটির স্বাধীনতার বিরোধিতা করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। এর আগে মে মাসে তাইওয়ানের জন্য ১ হাজার ৪০০ কোটি ডলারের অস্ত্র কেনার একটি চুক্তি স্থগিত রেখেছিল ওয়াশিংটন। ট্রাম্প চীনের সঙ্গে আলোচনায় এটিকে ‘খুব ভালো দর-কষাকষির হাতিয়ার’ হিসেবে অভিহিত করেছিলেন। এতে তাইওয়ানের নিরাপত্তা চীনের সঙ্গে আলোচনায় সমঝোতার বিষয় হয়ে উঠতে পারে বলে আশঙ্কা তৈরি হয়।

শি তাঁর ভাষণে আরও বলেন, চীন ‘জটিল আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ পরিস্থিতির’ মুখোমুখি হচ্ছে। এ পরিস্থিতিতে ‘উন্নয়নের নতুন কাঠামো গড়ে তোলার কাজ আরও দ্রুত এগিয়ে নেওয়া’ প্রয়োজন। সিনহুয়ার প্রতিবেদনে শিকে উদ্ধৃত করে বলা হয়, ‘আমাদের অবশ্যই শান্তিপূর্ণ সহাবস্থানের স্বাধীন পররাষ্ট্রনীতিতে অবিচল থাকতে হবে... পরিবর্তন ও অস্থিরতায় জটিল হয়ে ওঠা বিশ্বে আরও বেশি নিশ্চয়তা ও ইতিবাচক শক্তি সঞ্চার করতে হবে।’
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।