রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার পক্ষে আরও ১০ হাজার উত্তর কোরীয় সেনা পাঠানোর প্রস্তুতি

প্রকাশিত - ২৯ সেপ্টেম্বর, ২০২৬   ০৩:০৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে আরও ১০ হাজার উত্তর কোরীয় সেনা পাঠানোর প্রস্তুতি চলছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর দাবি, বর্তমানে রাশিয়ায় ৮ হাজারের বেশি উত্তর কোরীয় সেনা রয়েছে।

২৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, রাশিয়ায় উত্তর কোরীয় সেনাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং নতুন করে সেনা পাঠানোর জন্য তাদের বাছাই করা হচ্ছে।

এদিকে একই দিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সক্রিয় সেনাসদস্যের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। প্রেসিডেনশিয়াল আদেশ অনুযায়ী, রাশিয়ার সক্রিয় সেনাসদস্যের সংখ্যা ১৫ লাখ ৫০ হাজারে উন্নীত হবে। সব মিলিয়ে দেশটির সশস্ত্র বাহিনীর সদস্যসংখ্যা দাঁড়াবে ২৪ লাখ ৪১ হাজার ৬৩০ জনে।

ইউক্রেন ও দক্ষিণ কোরিয়ার হিসাব অনুযায়ী, ২০২৪ সাল থেকে রাশিয়াকে সহায়তা করতে উত্তর কোরিয়া প্রায় ১৫ হাজার সেনা পাঠিয়েছে। তাদের বড় একটি অংশ ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে রাশিয়ার কুরস্ক অঞ্চলে মোতায়েন করা হয়েছিল।

এদিকে মঙ্গলবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, একটি আবাসিক ভবনের আঙিনায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এবং অন্য একটি এলাকায় অনাবাসিক ভবনে আগুন লাগে। এর আগে জেলেনস্কি জানিয়েছিলেন, রুশ ড্রোন হামলায় ইউক্রেনজুড়ে ৯ জন নিহত ও ৮০ জনের বেশি আহত হয়েছেন।

যুদ্ধ বন্ধে রাশিয়া ও ইউক্রেনকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন পোপ লিও। তাঁর মতে, সংশ্লিষ্ট দেশগুলোর নেতাদের সংলাপের মাধ্যমে শান্তির পথ খুঁজে বের করা প্রয়োজন।

অন্যদিকে ইউরোপে রাশিয়ার কথিত নাশকতামূলক কর্মকাণ্ড ইউক্রেনকে সমর্থন থেকে দেশগুলোকে বিরত রাখতে পারছে না বলে মন্তব্য করেছেন ন্যাটোর শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ।

এ ছাড়া ইউক্রেনের অর্থনৈতিক চাপের মধ্যে কিছু সরকারি ব্যয় ও প্রকল্পের বাস্তবায়ন পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি। অন্যদিকে রাশিয়ায় জার্মান খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান মেট্রো এজির সম্পদ সাময়িক প্রশাসনের অধীনে নেওয়ার নির্দেশ দিয়েছেন পুতিন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।