রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবার অংশ নিয়েই ভেনিসে বাংলাদেশি সিনেমার পুরস্কার জয়

প্রকাশিত - ১২ সেপ্টেম্বর, ২০২৬   ১১:১১ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ভেনিস চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ার পর এবার পুরস্কারও জিতল বাংলাদেশের সিনেমা। প্রথমবারের মতো উৎসবের অফিসিয়াল শাখায় জায়গা করে নেয়া রুবাইয়াত হোসনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অর্জন করেছে ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডস—প্রেমিও বিসাতো দ’ওরো।

১১ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ১১টার দিকে পরিচালক রুবাইয়াত হোসনের হাতে পুরস্কারটি তুলে দেন ইনডিপেনডেন্ট ক্রিটিকস বিভাগের প্রধান। ভেনিসের মতো মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের সিনেমার এমন স্বীকৃতিতে উচ্ছ্বসিত পরিচালক।

রুবাইয়াত বলেন, ‘এ অর্জন আমার জন্য অনেক সম্মানের। ভেনিসের মতো উৎসবে সব সিনেমার মধ্যে থেকে এ পুরস্কার দেওয়া।এ জন্য জুরিদের কাছে কৃতজ্ঞতা জানাই। তাঁরা আমার সিনেমাটিকে পছন্দ করেছেন। আমি মনে করি, এই পুরস্কার দেশের সিনেমা অঙ্গনের জন্য সম্মানের, বাংলাদেশের সিনেমাকে এগিয়ে নেওয়ার জন্য এই স্বীকৃতি তাৎপর্যপূর্ণ।’

এবারই প্রথম বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল শাখা অরিজন্তি বিভাগে মনোনয়ন পেয়েছে। ৬ সেপ্টেম্বর উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হয়। এরপর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশংসিত হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

নিজের সিনেমা নির্মাণের ভাবনা নিয়ে রুবাইয়াত বলেন, ‘খুবই অন্তরঙ্গ একটি জায়গা থেকে আমি সিনেমাটি নির্মাণ করেছি। নারীরা কীভাবে নিজেদের শরীরকে ধারণ করতে, নিয়ন্ত্রণ করতে এবং কখনো কখনো নিজেদের শরীরকেই ভয় করতে শেখে, সেই ভাবনা থেকেই এই সিনেমা। এটার সঙ্গে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা জড়িত।

সেই সিনেমাটি ভেনিসের ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকসদের কাছ থেকে যখন এই স্বীকৃতি এনে দেয়, সেটা আমার কাছে গভীরভাবে অর্থবহ। আমি চাই, এই চলচ্চিত্রের মাধ্যমে দর্শক বাংলাদেশকে শুধু তার সামাজিক বাস্তবতার মধ্য দিয়ে নয়, বরং তার কল্পনা, লোককথা, অন্ধকার ও সৌন্দর্যের মধ্য দিয়েও আবিষ্কার করুক।’

ক্যারিয়ারের চতুর্থ সিনেমা দিয়েই ভেনিসের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেওয়া রুবাইয়াতের জন্য পথটি সহজ ছিল না। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো সিনেমার মধ্য থেকে ধাপে ধাপে বাছাই করে উৎসবের বিভিন্ন বিভাগে সিনেমা নির্বাচন করা হয়। সেই কঠিন প্রক্রিয়া পেরিয়ে এবার মূল পুরস্কার ঘোষণার আগেই বড় স্বীকৃতি পেল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

বিশ্বের সবচেয়ে পুরোনো চলচ্চিত্র উৎসবগুলোর অন্যতম ভেনিস চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসর ২ সেপ্টেম্বর ভেনিস লিডোতে শুরু হয়েছে। আজ ১২ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানে ঘোষণা করা হবে অফিসিয়াল শাখার পুরস্কার। ফলে অরিজন্তি বিভাগে থাকা বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর জন্য আরও একটি বড় স্বীকৃতির অপেক্ষা থাকছে।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনিন করিম চৌধুরী। অতিথি চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন ও সুনেরাহ্ বিনতে কামাল। আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারী, রিকিতা নন্দিনী শিমুসহ অনেকে।

ভেনিসের পর এবার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নিয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। গত বৃহস্পতিবার শুরু হওয়া উৎসবটি চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। ভেনিস উৎসব শেষ করেই টরন্টোর উদ্দেশে রওনা দেবেন রুবাইয়াত হোসন।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।