রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে হারিয়ে ‘হ্যাটট্রিক’ ফাইনালে শ্রীলঙ্কা

প্রকাশিত - ১২ সেপ্টেম্বর, ২০২৬   ১০:২২ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : শুরুতেই ধাক্কা খেয়েছিল শ্রীলঙ্কা। ৫ রানে ২ উইকেট হারানোর পর দলটির স্কোর ৩৩ রানে পৌঁছাতেই ৪ উইকেট পড়ে যায়। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানের ১৩১ রান টপকে ৪ উইকেটে জয় পেয়েছে লঙ্কান মেয়েরা। ৮ বল হাতে রেখেই পাওয়া এই জয়ে টানা তৃতীয়বার নারী এশিয়া কাপের ফাইনালে উঠেছে তারা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় পাকিস্তান-শ্রীলঙ্কা। টস হেরে আগে ব্যাট করতে নেমে ফাতিমা সানার দল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩০ রান তোলে। অধিনায়ক ফাতিমা দলের পক্ষে অপরাজিত সর্বোচ্চ ৪৭ রান করেছেন। 

এর আগে পাকিস্তানের শুরুটা হয় মাত্র ৫ রানের মাথায় ফর্মে থাকা ওপেনার মুনিবা আলিকে হারিয়ে। এরপর শাওয়াল জুলফিকার (২৪) ও গুল ফিরোজার (২১) বিদায়ে তারা আরও চাপে পড়ে যায়। মাঝে আয়েশা জাফর (৭) ও সাদাফ শামাস (৮) রানে ফিরলে অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল পাকিস্তান। ছয় নম্বরে নেমে সেই দুর্দশা কাটিয়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন ফাতিমা। তিনি ৩৬ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৭ এবং তুবা হাসান ১২ রানে অপরাজিত ছিলেন।

লঙ্কানদের পক্ষে অধিনায়ক চামারি আতাপাত্তু ও চামুদি প্রবোধা ২টি করে উইকেট নিয়েছেন। ১৩১ রানের লক্ষ্য তাড়ায় তাদের শুরুটাও ভালো হয়নি। স্রেফ ৫ রানে লঙ্কানরা অধিনায়ক চামারি ও সঞ্জনা কাভিন্দিকে হারায়। এরপর হাসিনি পেরেরা (৩) ও ইমেশা দুলানি (২৪) অল্প সময়ের ব্যবধানে আউট। তবে হারশিতা সামারাবিক্রমা ও কাভিশা দিলহারি ৬৭ রানের জুটিতে টেনে তোলেন শ্রীলঙ্কাকে।

সামারাবিক্রমা ৩৬ ও কাভিশা ৩৩ রান করেন। নিলাশিকা সিলভা ১০ বলে ১৮ এবং কৌশানি নুথায়ানগানার ৪ বলে ১০ রানের ক্যামিওতে ৮ বল হাতে রেখেই গন্তব্যে পৌঁছে যায় এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৪ উইকেটে জিতে টানা তৃতীয়বার লঙ্কান মেয়েরা টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করল। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিলেন অধিনায়ক ফাতিমা। তবে তাদের হারে আরেকটি ভারত-পাকিস্তান ফাইনাল থেকে বঞ্চিত হলো ক্রিকেটভক্তরা।

আগামীকাল (রোববার) রাত সাড়ে ৮টায় দুবাইয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের চূড়ান্ত ম্যাচে (ফাইনাল) মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কার মেয়েরা। এর আগে নারী এশিয়া কাপ ক্রিকেটে ভারত সর্বোচ্চ ৭ এবং লঙ্কানরা ২ বার চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশের মেয়েরা শিরোপা জেতে একবার। 
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।