রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তা ব্যারাজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশিত - ৩০ আগস্ট, ২০২৬   ০৯:৪৪ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন  : বাংলাদেশে নিযুক্ত মার্কিন (যুক্তরাষ্ট্র) রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিনদিনের সফরে এসেছেন। ৩০ আগস্ট  দুপুরে তিনি দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তার সহধর্মিণী মিসেস ডিয়ান ডাও, মার্কিন দূতাবাস বাংলাদেশের প্রতিনিধি দল সফরসঙ্গী হিসেবে ছিলেন।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত তিস্তা নদীর বর্তমান পরিস্থিতি, নাব্য সংকট এবং সেচ প্রকল্পের বাস্তব কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে পানি ব্যবস্থাপনা, নদী সংস্কার এবং শুষ্ক মৌসুমে পানি সংকটের কারণে স্থানীয় কৃষকদের ওপর সৃষ্ট প্রভাব সম্পর্কে তাকে বিস্তারিত জানানো হয়।

মতবিনিময় সভায় মার্কিন রাষ্ট্রদূত আঞ্চলিক পানি ব্যবস্থাপনা এবং তিস্তা অববাহিকার নদীমাতৃক জনপদের সামাজিক-অর্থনৈতিক অবস্থার প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ করেন। পরিদর্শন শেষে বিকাল ৩টার দিকে সড়কপথে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইএসডিও গেস্ট হাউজের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তিনি রাত্রীযাপন করবেন।

এর আগে এদিন ঢাকা থেকে বিমানযোগে সকাল ৯টা ১৫ মিনিটে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর সকাল ১০টার দিকে মার্কিন রাষ্ট্রদূত রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়িতে ‘প্যারাগন ডেইরি’ দুগ্ধ খামার পরিদর্শন করেন।

সংশ্লিষ্ট সূত্র মতে, সফরের দ্বিতীয় দিন মার্কিন রাষ্ট্রদূত সোমবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ার মহানন্দা নদী, বাংলাবান্ধা জিরো পয়েন্টস্থ চতুর্দেশীয় আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ও পঞ্চগড় জেলা আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করবেন। এরপর দুপুর দেড়টার দিকে পঞ্চগড় সার্কিট হাউজে সুধী সমাবেশে মতবিনিময় সভা করবেন। সভা শেষে বিকেল ৩টার দিকে পঞ্চগড় রকস মিউজিয়াম (পাথরের জাদুঘর) ও গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা পরিদর্শনের কথা রয়েছে। দ্বিতীয়দিনের শেষে থাকবেন ঠাকুরগাঁও ইএসডিও গেস্ট হাউজে।

সফরের শেষ দিন মঙ্গলবার সকালে মার্কিন রাষ্ট্রদূত ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী সীমান্তের মন্ডুমালা গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী ‘সূর্যপুরী আম’ গাছ, সকাল ১১টার দিকে দিনাজপুরের কান্তজির মন্দির ও নয়াবাদ মসজিদ এবং দুপুর ১টার দিকে দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) পরিদর্শন করবেন।

সেখান থেকে বিকেল ৩টা ২০ মিনিটে মার্কিন রাষ্ট্রদূত রেলপথে পার্বতীপুর থেকে প্রেসিডেন্ট সেলুন কোচ (বগি নম্বর ১২৬৫) করে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা ও জাদুঘরে পৌঁছাবেন ও পরিদর্শন করবেন। সেখানে থেকে তিনি সৈয়দপুরের চিনি মসজিদ ও সৈয়দপুর খ্রিস্টান চার্চ পরিদর্শন শেষ করে রাতে সৈয়দপুর বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকায় ফিরবেন।

উল্লেখ্য, চলতি বছরের ১৫ জানুয়ারি ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবে কর্মরত ছিলেন।

নীলফামারী পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন বলেন, মার্কিন রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তার সফরসূচি অনুযায়ী সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সফর নির্বিঘ্নে করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে।

এদিকে তিস্তা ব্যারেজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী রুহুল আমিন, পানি উন্নয়ন বোর্ড রংপুর উত্তরাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পুর) ড. মোহা. সরফরাজ বান্দা, উত্তরাঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) যথাক্রমে প্রকৌশলী মো. আহসান হাবিব, প্রকৌশলী মো. মিজানুর রহমান, নীলফামারীর ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরানুজ্জামান ও লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপজন মিত্র প্রমুখ।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।