রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ন্ত্রণ নয়, রেগুলেট করা’

প্রকাশিত - ২৩ আগস্ট, ২০২৬   ১২:১৫ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থানে না গিয়ে নিয়মকানুন ও দায়িত্ব যথাযথভাবে রেগুলেট করার ওপর গুরুত্বারোপ করেছেন নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।

তিনি বলেছেন, আমাদের মাথায় রাখতে হবে, আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করব। কিন্তু কোনোভাবেই যেন আমরা কন্ট্রোলের দিকে না যাই।

রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা অনেক বড় একটা সুযোগ দিয়েছেন, ধন্যবাদ প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সরকারের সব উন্নয়নমূলক ও ইতিবাচক কর্মকাণ্ড জনগণের কাছে সততা ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে পৌঁছে আমাদের অনেক বড় দায়িত্ব। মুক্তিযুদ্ধসহ জাতীয় অর্জনের যেসব বিষয় নিয়ে দেশের মানুষ গর্ব করে, সেগুলোতেও যেন ইতিবাচক প্রভাব ফেলা যায়—সেই গুরুদায়িত্ব পালন করতে হবে।

বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত কঠিন এক সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সরকার এসেছে উল্লেখ করে আন্দালিব রহমান পার্থ বলেন, আমরা ১০০% এফোর্ড দিচ্ছি। ভুল ত্রুটি তো হবেই, আমাদের সবারই হতে পারে। কিন্তু নৈতিকতার জায়গা থেকে আমরা খুবই স্ট্রং।

তিনি বলেন, জুলাই আন্দোলনে গণমাধ্যম বা সংশ্লিষ্টদের ভূমিকাকে কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের ইচ্ছা বাংলাদেশকে একটা নতুন দিকে নিয়ে যাওয়ার। সবচেয়ে বড় কথা যে ড্যামেজগুলো হয়েছে সেগুলো রিপেয়ার করা এবং নিউ সিস্টেম ডেভেলপ করা।

তিনি বলেন, আমরা চাই যাতে আমাদের দ্বারা কোনো অন্যায় যেন না হয়। আমরা যাতে আগামীতে ঠিক করে কাজ করি, সবাই মিলে ভালোভাবে টিমওয়ার্ক করি।

নতুন দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসে সকাল ৮টা ২০ মিনিটে সচিবালয়ে আসেন তথ্যমন্ত্রী। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পরে সকাল সাড়ে ৯টায় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সচিব মাহবুবা ফারজানাসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।