রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির বাবা হোর্হে আর নেই

প্রকাশিত - ০৮ আগস্ট, ২০২৬   ১০:৪৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট হোর্হে মেসি মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৬৮ বছর বয়সে আর্জেন্টিনার রোসারিওর একটি হাসপাতালে শুক্রবার শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।

মেসির ফুটবল ক্যারিয়ার গড়ে ওঠার পেছনে হোর্হের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। শৈশবেই মেসি যখন বার্সেলোনায় যোগ দিতে আর্জেন্টিনা ছেড়ে স্পেনে পাড়ি জমান, তখন ছেলের পাশে থাকতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার বাবা। নতুন দেশ, নতুন পরিবেশ ও পেশাদার ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে মেসিকে প্রয়োজনীয় মানসিক ও বাস্তব সহায়তা দেন তিনি।

মেসির ক্যারিয়ার যত এগিয়েছে, ততই তার পেশাগত বিষয়গুলো দেখভালের দায়িত্বও নেন হোর্হে। মাঠের বাইরে ছেলের ব্যবসায়িক ও পেশাগত বিভিন্ন সিদ্ধান্তে তিনি দীর্ঘদিন মেসির প্রধান প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।

মেসির জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোতে বাবার এই ভূমিকা তাকে মাঠে মনোযোগ ধরে রাখতে সহায়তা করেছে বলে মনে করা হয়। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা হয়ে ওঠার দীর্ঘ যাত্রায় হোর্হে ছিলেন তার অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী।

হোর্হে মেসি স্ত্রী সেলিয়া ও চার সন্তান—লিওনেল, রদ্রিগো, মাতিয়াস এবং মারিয়া সোলকে রেখে গেছেন।

হোর্হের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর প্রথম ক্লাব হিসেবে শ্রদ্ধা জানিয়েছে নিউয়েলস ওল্ড বয়েজ। এক বিবৃতিতে ক্লাবটি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জানায়, তিনি ছিলেন ক্লাবটির পরিচিত সমর্থক, ব্যবসায়ী এবং লিওনেল মেসির বাবা। ছেলের ক্যারিয়ার গঠনে তার ভালোবাসা, নিষ্ঠা ও নেপথ্যের নেতৃত্বের কথাও স্মরণ করে ক্লাবটি।

দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)ও মেসির প্রতি সমবেদনা জানিয়েছে। হোর্হে মেসির মৃত্যুতে লিওনেল মেসি ও তার পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছে সংস্থাটি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।