রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভরা বর্ষায়ও মিলছে না ইলিশ, জাটকার কেজি ৮৫০

প্রকাশিত - ১৬ আগস্ট, ২০২৪   ০৯:৪১ পিএম
webnews24

প্রভাত সংবাদদাতা,বরিশাল : বরিশাল নগরীর পোর্টরোড মৎস্য অবতরণ কেন্দ্রে বর্ষার এই সময়ে ৪০০-৫০০ মণ ইলিশ আসতো প্রতিদিন। শ্রমিকদের দম ফেলার ফুরসত থাকতো না আড়তে। কিন্তু এবারের চিত্র ভিন্ন। প্রায় এক মাস ইলিশ ধরায় নিষেধাজ্ঞা উঠে গেলেও দিনে ৫০ মণ ইলিশও আসছে না এই মৎস্য আড়তে। যদিও মৎস্য অধিদপ্তর দাবি করেছে, নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় কেজি সাইজের ইলিশের দাম কমেছে ১ হাজার টাকা। ভারতে রপ্তানির সুযোগ বন্ধ হওয়ায় বৃষ্টি বাড়লে পাড়া মহল্লায় সচারচার ইলিশ পাওয়া যাবে। দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।
পোর্টরোড মৎস্য আড়তদার মালিক সমিতির সদস্য ইয়ার হোসন বলেন, ২৩ জুলাই ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শেষ হয়েছে। এরপর প্রায় এক মাস হতে চললেও জেলেরা নদী-সমুদ্রে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না। তাই আড়তেও মাছ আসছে না। নদীর পানি দূষণ, বৈরী আবহাওয়ার কারণে মাছ আসছে না। তারপরও আমরা আশা করছি বৃষ্টি আরও বাড়লে মাছ বাড়তে পারে। মাছ না পাওয়া গেলে জেলেরা যেমন ঋণী হবেন তেমনি আমাদেরও লোকসান গুনতে হবে। 
ক্রেতা মকবুল হোসেন বলেন, আষাঢ়-শ্রাবণ শেষ হয়ে এখন ভাদ্র মাস চলছে। এখনো ইলিশের দামে আগুন। আজকে ইলিশ কিনতে এসে দেখি নিষেধাজ্ঞার সময়ে যে দামে বিক্রি হতো তেমনি বিক্রি হচ্ছে। প্রতি বছর যে টিভি-পত্রিকায় দেখি ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছেÍ তাহলে সেই ইলিশ কোথায়?
বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি বাজারে প্রতি মণ এলসি সাইজের ইলিশ ৬০ হাজার, এক কেজির ইলিশ ৬৫ হাজার, ৫০০-৬০০ গ্রামের ইলিশ ৫৩ হাজার, জাটকা ৩৪ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে রূপাতলী, বাংলাবাজার ও নতুনবাজার ঘুরে দেখা গেছে, ৫০০ গ্রামের ইলিশ ১২৫০ থেকে ১৩০০, ৮০০-৯০০ গ্রামের ইলিশ ১৬০০, এক কেজির ইলিশ ১৭৫০, দেড়কেজি ২২০০-২৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ইলিশ বিক্রেতা আরাফাত হোসেন বলেন, আড়তে মাছ না আসায় কেজিতে ১০০ থেকে দেড়শ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। মাছের দাম নির্ভর করে মাছ আসার ওপরে। পরশু দিন আড়তে ১২টি ট্রাক এসেছিল। সেদিন কম ছিল। আজকে ৫টি ট্রাক এসেছে। মাছ নাই তাই দামও বেড়েছে।
ক্রেতা ইকবাল হোসেন বলেন, ফেসবুকে দেখলাম শিক্ষার্থীরা দাম কমিয়ে দিয়েছে। এসে দেখি দাম আগের মতই আছে। খুচরা বাজারে জাটকার কেজি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫৯ টাকায়। অন্য ইলিশের দাম জিজ্ঞেস করিনি। জাটকার দাম এত হওয়ায় তেলাপিয়া কিনে বাসায়  ফিরছি।
মৎস্য আড়তদার আক্তার হোসেন বলেন, ইলিশের ভরা মৌসুমেও মাছ না থাকায় লোকসান গুনছি। মাছের ট্রলার, জেলে সব মিলিয়ে যে টাকা খাটিয়েছি তা কিছুই উঠছে না। বাজারে মাছের দাম অনেক বেশি।
বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, মাছের উৎপাদন ঠিকই আছে। সমস্যা হচ্ছে সড়ক যোগাযোগ উন্নত হওয়ায় এখন আর আড়তে আসতে হয় না জেলেদের। যেমন মেহেন্দীগঞ্জ, হিজলা, ভোলার জেলেরা মাছ ধরে হয় ঢাকা না হয় চাঁদপুরে নিয়ে যায়। আবার বরগুনা, পটুয়াখালী এলাকার জেলেরা সড়ক পথে সরাসরি ঢাকায় পাঠাচ্ছে। এজন্য স্থানীয় বাজারগুলোতে চাহিদার বেশি ইলিশ সরবারহ হচ্ছে না। তিনি বলেন, মে মাসে এক কেজি ওজনের ইলিশ কিনেছি ২৪৮৫ টাকায়। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় তা বিক্রি হচ্ছে ১৬০০-১৭০০ টাকায়। দাম কিন্তু কমেছে প্রায় এক হাজার টাকার কাছাকাছি। তাছাড়া পরিবেশের হেরফেরের কারণে বর্ষার ব্যাপ্তি হয়েছে অক্টোবর মাস পর্যন্ত। ভারী বর্ষণ হলে ইলিশও প্রচুর ধরা পড়বে। জেলেদের হতাশ হওয়ার দরকার নেই। সরকার ঘোষণা দিয়েছে ইলিশ বিদেশে পাঠানো কমিয়ে আনার জন্য। এতে করে স্থানীয় বাজারগুলোতে ইলিশ পাওয়া যাবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।