রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমন্ডি ৩২-এ অপ্রীতিকর ঘটনার তদন্ত হচ্ছে: সারজিস আলম

প্রকাশিত - ১৬ আগস্ট, ২০২৪   ০৯:৩৬ পিএম
webnews24

প্রভাত রিপোর্ট : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর দিনে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে ধানমন্ডি ৩২ নম্বরে। সেখানে শোক জানাতে যাওয়া ব্যক্তিদের ফোন চেক ও তাদের মারধর করার মতো অভিযোগও রয়েছে। এছাড়াও এক ব্যক্তিকে প্রায় নগ্ন করে নাচতে বাধ্য করার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসব অপ্রীতিকর ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ জড়িত কি না সে বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন এর সমন্বয়ক সারজিস আলম। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে ১৫ আগস্টের বিভিন্ন ঘটনা ও সমসাময়িক ইস্যুতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
সারজিস বলেন, ১৫ আগস্ট রাজধানীর ধানমন্ডি ৩২ সহ বিভিন্ন জায়গায় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যা আমাদের গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে শোক প্রকাশে ঘটে যাওয়া বিতর্কিত কাজ নিয়ে তদন্ত করা হচ্ছে। 

তিনি আরও বলেন, ১৫ আগস্ট ধানমন্ডিতে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। কেউ যদি ১৫ আগস্ট ধানমন্ডিতে ফুল দিতে চায় তাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাধা দিতে পারে না। বঙ্গবীর কাদের সিদ্দিকীর গাড়িতে হামলার অধিকার কারও নেই। তাই এসবের সঙ্গে সমন্বয়ক বা অন্য কেউ জড়িত থাকলে বহিষ্কার এবং ব্যবস্থা নেয়া হবে।
দেশের বাইরে থেকে শেখ হাসিনা প্রতি বিপ্লবের চেষ্টা করছেন উল্লেখ করে সারজিস বলেন, শেখ হাসিনা বাইরের রাষ্ট্রে থেকে সে রাষ্ট্রের মদতে প্রতি বিপ্লবের চেষ্টা চালাচ্ছে। যদি এই বিপ্লব হয়েই যেতো তাহলে তা ছাত্র-জনতার বিপক্ষে গিয়েই হতো। ১৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছদ্মবেশে বিতর্কিত কর্মকা- ঘটিয়ে থাকতে পারে। তারা যেন প্রতিবিপ্লব করতে না পারে সেজন্যই আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছিলাম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, ২০১৩ সালে আওয়ামী লীগ পুলিশের মাধ্যমে হেজাফতে ইসলামের সমাবেশের সময় কান ধরে ওঠবস করানোর সংস্কৃতি শুরু করেছিল। তবে গতকাল ১৫ আগস্ট কান ধরে ওঠবস করানো ও মোবাইল চেক করাসহ ঘটে যাওয়া কিছু কাজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
ব্যক্তিগতভাবে চাইলে যেকেউ শোক পালন করতে পারবে উল্লেখ করে তিনি বলেন, আমরা ১৫ আগস্ট রাষ্ট্রীয় আয়োজনে শোক দিবস পালনের পক্ষে না। তবে কেউ ব্যক্তিগতভাবে শোক প্রকাশ করতে চাইলে তাকে সম্মান জানাতে হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।