রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধীদের পাশে রাষ্ট্র ও সমাজ

প্রকাশিত - ১৯ জুলাই, ২০২৬   ০২:০১ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা রক্ষায় রাষ্ট্রের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

১৯ জুলাই জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুস সালাম বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরাও দেশের সমান অধিকারসম্পন্ন নাগরিক। কিন্তু বাস্তবে তারা নানা ধরনের বঞ্চনা ও বৈষম্যের শিকার হন। তাদের জন্য শিক্ষা, কর্মসংস্থান, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে রাজনৈতিক ও সামাজিক উদ্যোগের ধারাবাহিকতা রয়েছে। বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ ও পুনর্বাসনে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি এ বিষয়ে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন ও পুনর্বাসনের দায়িত্ব শুধু সরকারের একার নয়। সমাজের প্রতিটি মানুষেরও এ ক্ষেত্রে ভূমিকা রয়েছে। সবাই যদি আন্তরিকভাবে তাদের পাশে দাঁড়ায়, তাহলে তারা আর পিছিয়ে থাকবে না।

তিনি উল্লেখ করেন, প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যেও অসাধারণ মেধা ও সম্ভাবনা রয়েছে। উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ পেলে তারাও দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।

আব্দুস সালাম বলেন, “তাদের বেঁচে থাকার, শিক্ষালাভের এবং কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ দিতে হবে। সুযোগ পেলে তারাও দেশের সম্পদে পরিণত হতে পারেন।”

অনুষ্ঠানে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, প্রয়োজন হলে যেকোনো সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা সিটি করপোরেশনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং তাদের সহায়তায় যথাসাধ্য উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন এবং তাদের জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।