রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কম গোল নিয়েও আত্মবিশ্বাসী রোনালদো

প্রকাশিত - ০৬ জুলাই, ২০২৬   ০৪:১৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ঘোষণা দিয়েছেন, ২০২৬ বিশ্বকাপই হবে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে নেমে ইতিহাস গড়া এই তারকা জানিয়েছেন, তিনি এখন বাকি সময়টা উপভোগ করতে চান।

স্পেনের বিপক্ষে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, ‘এটাই আমার শেষ বিশ্বকাপ। আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই। আশা করি আগামীকালের ম্যাচটি আমার শেষ ম্যাচ হবে না, তাহলে আপনারা আমাকে নিয়ে আরও কিছুদিন সমালোচনা করতে পারবেন।’

আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রোনালদো বলেন, তার অর্জনের ঝুলি প্রায় পূর্ণ। জাতীয় দল ও ব্যক্তিগত জীবনে যা পেয়েছেন, তা কল্পনারও বাইরে ছিল।

তিনি বলেন, ‘আমার আর কিছু পাওয়ার বাকি নেই। সৃষ্টিকর্তা আমাকে অনেক কিছু দিয়েছেন। এখন লক্ষ্য শুধু প্রতিটি মুহূর্ত উপভোগ করা। আমি বিশ্বকাপ জিতি বা না জিতি, তাতে আমি কম বা বেশি ক্রিশ্চিয়ানো হয়ে যাব না। তবে অবশ্যই আমরা শিরোপা জয়ের স্বপ্ন নিয়েই খেলছি।’

৪১ বছর বয়সেও মাঠে নিজের কার্যকারিতা নিয়ে আত্মবিশ্বাসী রোনালদো। বয়সের কারণে আগের মতো না থাকলেও গোল করার সামর্থ্য এখনও আছে বলে মনে করেন তিনি।

রোনালদোর ভাষায়, ‘আমি জানি আমি আর আগের সেই খেলোয়াড় নই। কিন্তু আমি এখনও গোল করতে পারি। আশা করি পরের ম্যাচেও গোল করতে পারব। আর যদি না পারি, তাহলে দলের অন্য কেউ সেটা করবে।’

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি গোল করেছেন পর্তুগিজ অধিনায়ক। গোল্ডেন বুটের দৌড়ে তিনি লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ড ও হ্যারি কেইনের চেয়ে পিছিয়ে থাকলেও বিষয়টি নিয়ে কোনো আক্ষেপ নেই তার।

এ প্রসঙ্গে রোনালদো বলেন, ‘হয়তো অন্যরা বেশি গোল করেছে, কারণ তারা দারুণ খেলছে। তবে আমি খুব খারাপও করছি না। তিনটি গোল করেছি। আমার কাজ হলো এগিয়ে যাওয়া এবং দলের জন্য অবদান রাখা।’

বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখনও জীবন্ত রেখে স্পেনের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে রোনালদোর পর্তুগাল। আর সেই স্বপ্নপূরণের পথেই নিজের শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে চান ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।