রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই

সংসদে স্পিকারের কড়া নির্দেশনা

প্রকাশিত - ২৩ জুন, ২০২৬   ০৫:৪৮ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : সংসদ অধিবেশন চলাকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে জোরালো নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ২৩ জুন জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে সংসদ সদস‌্যদের দেওয়া বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।

এদিনের অধিবেশনে সংসদীয় ডাইরেক্টরি প্রকাশ, বিরোধীদলীয় নেতার ক্ষোভ ও সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়।

গুরুত্বপূর্ণ বাজেট আলোচনার সময় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, সংসদ সদস্যরা যখন নিজ এলাকার বিভিন্ন দাবি-দাওয়া বা হাসপাতালের সমস্যা নিয়ে কথা বলেন, তখন সংশ্লিষ্ট মন্ত্রীরা উপস্থিত না থাকায় কথাগুলো সরাসরি শোনা হয় না। বিষয়টি অত্যন্ত হতাশাজনক।

বিরোধীদলীয় নেতার ক্ষোভের পরিপ্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ নয়।' মন্ত্রীরা যেন যথাসময়ে সংসদে উপস্থিত থাকেন এবং সংসদ সদস্যদের উত্থাপিত সমস্যার প্রতিকারের চেষ্টা করেন, সে বিষয়ে তিনি নির্দেশ দেন। এ ছাড়া অধিবেশন চলাকালে সংসদের ভেতরে ছোট ছোট গ্রুপে আলাপ-আলোচনা না করার জন্যও সদস্যদের সতর্ক করেন স্পিকার।

সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেন, মন্ত্রণালয়ের কোনো ডাইরেক্টরি না থাকায় সংসদ সদস্যরা ব্যক্তিগতভাবে দাপ্তরিক যোগাযোগে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়কে দ্রুত একটি ডাইরেক্টরি তৈরির উদ্যোগ নিতে অনুরোধ জানান।

জবাবে স্পিকার জানান, ২০২৬ সালের সংসদীয় ডাইরেক্টরি প্রকাশের কাজ চলমান রয়েছে। তবে অনেক সদস্য এখনও তাদের ব্যক্তিগত তথ্য জমা না দেওয়ায় কাজে বিলম্ব হচ্ছে। তিনি দ্রুত তথ্যগুলো সংসদ সচিবালয়ে জমা দেওয়ার জন্য সদস্যদের প্রতি আহ্বান জানান।

পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ প্রবীণ রাজনীতিবিদ মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ও শপথ গ্রহণ সম্পর্কে জানতে চান। একইসঙ্গে ঋণ খেলাপি ও আইনি জটিলতায় থাকা আরও দুই সংসদ সদস্যের অবস্থান এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক গুজব সম্পর্কে সরকারের বক্তব্য দাবি করেন তিনি।

এ প্রসঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদকে জানান, মির্জা আব্বাস চিঠির মাধ্যমে জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা ক্রমাগত ভালো হচ্ছে। পুরোপুরি সুস্থ হলে তিনি সংসদে আসবেন।

তবে গুজব বা আদালতে বিচারাধীন (সাব-জুডিস) কোনো বিষয় নিয়ে আলোচনা করে সংসদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য স্পিকার সব সদস্যকে কঠোরভাবে নির্দেশ দেন।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।