রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে হরমুজ পেরোল ‘বাংলার জয়যাত্রা’

প্রকাশিত - ২৩ জুন, ২০২৬   ১১:৫৬ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের কারণে দীর্ঘ সাড়ে তিন মাস পারস্য উপসাগর এলাকায় আটকে থাকার পর অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ এমভি বাংলার জয়যাত্রা।

২২ জুন দিবাগত রাত তিনটার দিকে জাহাজটি হরমুজ প্রণালি পার হয়। বর্তমানে জ্বালানি (বাংকারিং) গ্রহণের জন্য সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বিষয়টি নিশ্চিত করে জানান, ৩১ জন বাংলাদেশি নাবিক ও ক্রুকে নিয়ে জাহাজটি নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। জাহাজের অতিরিক্ত চিফ অফিসার প্রণয় সাহাও ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএসসির তথ্যমতে, গত ২ ফেব্রুয়ারি জাহাজটি হরমুজ হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জাবেল আলী বন্দরে পৌঁছায়। পরদিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত শুরু হলে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়।

১১ মার্চ জাবেল আলীতে পণ্য খালাসের পর জাহাজটির কুয়েতে যাওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে বিএসসি সেটিকে সংঘাতপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে ৩৭ হাজার টন সার বোঝাই করে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নেয় জাহাজটি। তবে হরমুজ প্রণালি বন্ধ থাকায় সেটি বন্দরে আটকে পড়ে।

পরে যুদ্ধবিরতির ঘোষণা এলে গত ৮ এপ্রিল জাহাজটি রাস আল খায়ের ত্যাগ করলেও ১০ এপ্রিল হরমুজ অতিক্রমের সময় ইরানি কোস্ট গার্ডের বাধার মুখে পড়ে। এরপর জাহাজটি ওমানের মিনা সাকার বন্দরের বহির্নোঙরে আশ্রয় নেয়।

সর্বশেষ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার অগ্রগতি এবং বাংলাদেশ সরকারের কূটনৈতিক তৎপরতার ফলে জাহাজটি হরমুজ প্রণালি পার হতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে বিএসসি।

সংস্থাটি জানায়, ২০১৮ সালে নির্মিত ৩৮ হাজার ৮৯৪ ডেডওয়েট টন (ডিডব্লিউটি) ধারণক্ষমতার বাল্ক ক্যারিয়ারটি বর্তমানে ফুজাইরা বন্দরের জলসীমার দিকে এগিয়ে যাচ্ছে। সেখানে বাংকারিং ও প্রয়োজনীয় ক্লিয়ারেন্স কার্যক্রম সম্পন্ন করা হবে। জাহাজে থাকা ৩১ জন নাবিক ও ক্রু সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।