রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে বার্তা দিল মার্কিন পার্লামেন্ট

প্রকাশিত - ০৫ জুন, ২০২৬   ১২:৪৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ইরানে যুদ্ধ থামানোর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাধ্য করতে একটি রেজল্যুশন পাস হয়েছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস)। গতকাল বৃহস্পতিবার বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি রেজল্যুশন সংক্রান্ত বিলটি এমপিদের ভোটের জন্য উত্থাপন করেছিল।

বিলটিতে উল্লেখ আছে, ইরান যুদ্ধের জন্য যেসব মার্কিন সেনা বর্তমানে মধ্যপ্রাচ্যের জলসীমায় অবস্থান করছে— তাদের এই অবস্থান অব্যাহত রাখতে হলে অবশ্যই কংগ্রেসের অনুমোদন নিতে হবে ট্রাম্প প্রশাসনকে। আরও বলা হয়েছে, কংগ্রেসের অনুমোদনের আগ পর্যন্ত ইরান যুদ্ধের জন্য মোতায়েনকৃত সব মার্কিন সেনাকে প্রত্যাহার করে আনতে হবে।

ভোটপর্ব শেষে দেখা যায়, প্রতিনিধি পরিষদের ২১৫ জন এমপি বিলটির পক্ষে ভোট দিয়েছেন, আর বিপক্ষে ভোট দিয়েছেন ২০৮ জন এমপি। বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির উত্থাপিত এই বিলের পক্ষে ভোট দিয়েছেন সরকারি দল রিপাবলিকান পার্টির ৪ জন এমপিও।

কংগ্রেসের দুই কক্ষ প্রতিনিধি পরিষদ এবং সিনেটে যদিও রিপাবলিকান পার্টির এমপিরা সংখ্যাগরিষ্ঠ; কিন্তু তা সামান্য। বস্তুতঃ ইরান যুদ্ধ ইস্যুতে কংগ্রেসে এমন একটি রেজল্যুশন পাস প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বড় একটি ধাক্কা।

আপাতত প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য স্বস্তির ব্যাপার হলো— রেজল্যুশনটি এখনই কার্যকর হচ্ছে না। কারণ প্রতিনিধি পরিষদে পাসের পর এটি এখন যাবে উচ্চকক্ষ সিনেটে। সেখানে এই রেজল্যুশন নিয়ে আলোচনা ও বিতর্ক পর্ব শেষে ভোট হবে। সেই ভোটেও যদি রেজল্যুশনটি পাস হয়— তখন সেটি কার্যকর হবে।

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে দীর্ঘ প্রায় দু’দশকের মতবিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে মার্কিন বাহিনী। তারপর টানা ৪০ দিনের সংঘাত শেষে গত ৮ এপ্রিল ইরানে যুদ্ধবিরতি ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখনও সেই বিরতি চলছে।

যুদ্ধবিরতি ঘোষণার মূল লক্ষ্য ছিল ইরানের সঙ্গে একটি স্থায়ী শান্তিচুক্তি করা; কিন্তু বিরতির পর প্রায় ২ মাস পেরিয়ে যাওয়ার পরও এ ব্যাপারে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের হিসেব অনুযায়ী, যুদ্ধের যুদ্ধের প্রথম ৬ দিনেই যুক্তরাষ্ট্রের মোট ১ হাজার ১৩০ কোটি (১১.৩ বিলিয়ন) ডলার ব্যয় হয়েছিল। তারপর থেকে প্রতিদিন খরচ হচ্ছে সর্বনিম্ন ৮৯ কোটি থেকে সর্বোচ্চ ২০০ কোটি ডলার।

প্রতিনিধি পরিষদের এমপি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সদস্য গ্রেগরি মিকস রয়টার্সকে বলেন, “যুক্তরাষ্ট্রের সংবিধানে উল্লেখ আছে যে, কংগ্রেসের অনুমোদন ব্যতীত প্রেসিডেন্ট কোনো যুদ্ধ ঘোষণা করতে পারেন না। ইরান যুদ্ধ ঘোষণার আগে কংগ্রেসের সঙ্গে এ ইস্যুতে কোনো প্রকার আলোচনাই করেননি প্রেসিডেন্ট ট্রাম্প।”

সূত্র : রয়টার্স

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।