রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ উন্মাদনায় জমজমাট জার্সির বাজার

প্রকাশিত - ০২ জুন, ২০২৬   ০২:১৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : আসন্ন ২৩তম ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে আগামী ১১ জুন। প্রতি আসরের মতো এবারও মাঠে খেলা গড়ানোর আগেই শুরু হয়েছে বিশ্বকাপের উন্মাদনা। রাজধানীর ফুটপাত থেকে শুরু করে স্পোর্টস শোরুম সবখানেই দেখা মিলছে বিভিন্ন দেশের পতাকা ও জার্সির। আকাশি-সাদা, হলুদ-সবুজসহ নানা রঙের জার্সিতে সেজেছে দোকানের তাক ও ফুটপাতের পসরা।

২ জুন রাজধানীর গুলিস্তানের ফুটপাত ও স্পোর্টস মার্কেট ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে খুচরা বিক্রেতারা বিশ্বকাপ উপলক্ষ্যে জার্সি কিনতে এসেছেন। পাশাপাশি নিজেদের পছন্দের দলের জার্সিও কিনছেন সাধারণ ক্রেতারা।

ফুটপাত ও শোরুমে সারি সারি করে সাজানো ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের জার্সি। ফুটপাতে ১০০ থেকে ৩০০ টাকার মধ্যে জার্সি পাওয়া গেলেও দোকান ও শোরুমে ৫০০ টাকার নিচে জার্সি পাওয়া যাচ্ছে না। উন্নতমানের জার্সির দাম সর্বোচ্চ ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত।

গুলিস্তান স্পোর্টস মার্কেটের ব্যবসায়ীরা জানান, বিশ্বকাপকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলা থেকে খুচরা বিক্রেতারা পাইকারিভাবে জার্সি সংগ্রহ করছেন। সব দলের জার্সির চাহিদা থাকলেও বাজারে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি। বিশ্বকাপ উপলক্ষ্যে জার্সির দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে।

লালবাগ থেকে দুই নাতনির জন্য আর্জেন্টিনার জার্সি কিনতে আসা মো. সেলিম হোসেন বলেন, আমি নিজেই আর্জেন্টিনার সমর্থক। আমার দুই নাতনিও আর্জেন্টিনাকে সমর্থন করে। তাই তাদের জন্য জার্সি কিনতে এসেছি। আমাদের পরিবারে বিশ্বকাপ এলেই আলাদা এক উন্মাদনা তৈরি হয়। আমার দুই ছেলে ও এক মেয়ে ব্রাজিলের সমর্থক, আর আমি ও আমার নাতনিরা আর্জেন্টিনার।

জুরাইন থেকে আসা দশম শ্রেণির শিক্ষার্থী লাহিন নিজের ও ছোট ভাই আবিরের জন্য জার্সি কিনতে গুলিস্তানে এসেছেন। তিনি বলেন, আমার জন্য আর্জেন্টিনার জার্সি কিনেছি। তবে আমার ছোট ভাইয়ের জন্য ব্রাজিলের জার্সি কিনেছি।

নরসিংদীর মনোহরদী থেকে পাইকারি জার্সি কিনতে আসা ব্যবসায়ী সুমন বলেন, গ্রামাঞ্চলে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সির চাহিদা সবচেয়ে বেশি। এ ছাড়া, স্পেন, জার্মানি ও ফ্রান্সের জার্সিও কিছুটা বিক্রি হয়। বিশ্বকাপকে সামনে রেখে স্বাভাবিক সময়ের তুলনায় প্রতি পিস জার্সি ১০০ থেকে ১৫০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে।

ফুটপাতের বিক্রেতা আব্দুল মান্নান বলেন, আমার কাছে ১০০ থেকে ৩০০ টাকার মধ্যে বিভিন্ন ধরনের জার্সি রয়েছে। বিক্রি অনেক ভালো হচ্ছে। খেলা যত ঘনিয়ে আসবে, বিক্রিও তত বাড়বে বলে আশা করছি।

গুলিস্তান স্পোর্টস মার্কেটের সালমান স্পোর্টসের বিক্রেতা নূরে আলম মিয়াজি বলেন, সারা দেশ থেকেই খুচরা বিক্রেতারা আমাদের কাছে আসেন। এখানে পাইকারিভাবে ২০০ থেকে ১ হাজার টাকা দামের জার্সি বিক্রি হয়। স্বাভাবিক সময়ের তুলনায় বর্তমানে প্রতিটি জার্সি ১৫০ থেকে ৫০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। অন্যান্য দলের তুলনায় আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সির বিক্রি কয়েকগুণ বেশি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।