রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আরাফাতের ময়দানে সমবেত হাজিরা

প্রকাশিত - ২৭ মে, ২০২৬   ১২:১৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতায় আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন লাখ লাখ হজ পালনকারী। প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেই তারা ইবাদত ও প্রার্থনায় দিনটি কাটাচ্ছেন। সৌদি আরব থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। 

জিলহজ মাসের নবম দিন ফজরের নামাজের পর থেকেই হাজিরা আরাফাতের ময়দানে আসতে শুরু করেন। সকাল থেকে হাজিরা মহান আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য ও আত্মসমর্পণের এক আবহে তালবিয়া ও তাকবির পাঠ করছেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন।

সূর্যাস্ত পর্যন্ত এই পবিত্র স্থানের নির্ধারিত সীমানার মধ্যে থেকে তারা পুরো দিনটি ইবাদত, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আজকার এবং দোয়ার মধ্য দিয়ে কাটাবেন। এই আরাফাতের ময়দানেই মহানবী হযরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। ইসলামী ঐতিহ্য অনুযায়ী, ‘ওকুফে আরাফাহ’ নামে পরিচিত আরাফাতের ময়দানে অবস্থান করা হজের প্রধান স্তম্ভ।

সূর্যাস্তের পর হাজিরা আরাফাত থেকে মুজদালিফার উদ্দেশে রওনা দেবেন। সেখানে তারা পাথর সংগ্রহ করবেন। বুধবার থেকে মিনায় প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপের আনুষ্ঠানিকতা শুরু হবে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি থাকলেও এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লক্ষাধিক মুসল্লি হজ পালন করতে এসেছেন। এবার হজে অংশ নিতে ইরান থেকে এসেছেন ৩০ সহ¯্রাধিক মানুষ। শুরুতে ৮৬ হাজারের আসার কথা ছিল। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ বলেছে, ‘যুদ্ধকালীন পরিস্থিতির’ কারণেই তাদের সংখ্যা কমেছে।

তবে সৌদি কর্তৃপক্ষ জানায়, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ২০২৫ সালের তুলনায় এবার বিদেশ থেকে বেশি মানুষ হজ পালন করতে এসেছেন। ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি হলো হজ। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ।

সাম্প্রতিক দিনগুলোতে মক্কায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। তাই সৌদি কর্তৃপক্ষ হাজিদের বেশি বেশি পানি পান এবং রোদ থেকে সুরক্ষিত থাকার পরামর্শ দিয়েছে। কারণ হজের অধিকাংশ আনুষ্ঠানিকতাই খোলা আকাশের নিচে সম্পন্ন হয় এবং পুরো প্রক্রিয়া শেষ করতে পাঁচ দিন বা তারও বেশি সময় প্রয়োজন হয়।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।