রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়কে ভরা আর্জেন্টিনা, আলোচনায় মেসি

প্রকাশিত - ২৩ মে, ২০২৬   ০২:২৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ তিন বিশ্বকাপ আসরে অধিনায়কের আর্মব্যান্ড পরেছেন লিওনেল মেসি। দু’বার সেই কীর্তি নিয়ে এর পরের অবস্থানে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। যদিও আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের মতে– ম্যারাডোনাও সমান সংখ্যক বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন আলবিসেলেস্তেদের। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে মেসি সর্বোচ্চ চতুর্থ আসরে অধিনায়কত্ব করার রেকর্ড দখলে নেবেন!

এ ছাড়া আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ ষষ্ঠ আসর খেলার রেকর্ড গড়বেন মেসি। তিনি বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ (২৬) খেলার রেকর্ডটিও আগেই দখলে নিয়েছেন। এবার সেই সংখ্যাটি আরও বাড়িয়ে নেওয়ার পালা। ইতোমধ্যে বিশ্বকাপে টানা ১৮ ম্যাচে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছেন এলএমটেন। এবার তার নেতৃত্বাধীন আর্জেন্টাইন স্কোয়াডে রয়েছে অধিনায়কের সমাহার!

এখন পর্যন্ত আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেননি বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। তবে তার দলে সিনিয়র কারা থাকছেন তা প্রায় নিশ্চিত। এমনকি টিওয়াইসি আগের এক প্রতিবেদনে ২২ জন খেলোয়াড়ের জায়গা পাকা বলে জানিয়েছিল। ক্লাব ফুটবলে অধিনায়কত্ব করা একাধিক খেলোয়াড় আর্জেন্টিনার স্কোয়াডে আছেন। যারা নিঃসংকোচে নিজেদের এমন এক নেতার কাছে সমর্পণ করেন, যাকে নিয়ে কোনো প্রশ্ন ওঠে না।

যদিও মেসির নেতৃত্ব সবসময় এমন ছিল না। সাবেক বিশ্বকাপজয়ী সার্জিও বাতিস্তা যুব দলে মেসির কোচ ছিলেন। তিনি স্মৃতিচারণ করে বলেন, ‘যখন সে পরিণত হলো, বুঝল যে সময় এসেছে, তখনই সে বিস্ফোরিত হলো। সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করেছে সে। যখন অনুভব করল তারই এখন দলকে এগিয়ে নেওয়ার সময়, তখন সে সেটাই করেছে। সে ছিল খুব বুদ্ধিমান। যখন নিজেকে নেতা হিসেবে অনুভব করেনি, তখন নেতা হওয়ার চেষ্টাও করেনি। হয়তো ভাবত “যদি কোনো ভুল হয়ে যায়?” সে শুধু ফুটবল খেলতেই চেয়েছিল। নিজের নেতৃত্বের সময় অনুভবের পরই তা গ্রহণ করল।’

মেসি অধিনায়কত্ব পান ২০১১ সালের সেপ্টেম্বরে, ততদিন আর্মব্যান্ড ছিল হাভিয়ের মাশ্চেরানোর কাছে। তিনি ধীরে ধীরে নেতৃত্বের ভূমিকায় নিজেকে গড়ে তোলেন বলে দাবি সেবাস্তিয়ান বেক্কাসিসির, ‘লিও ২০ বছর ধরে শীর্ষে থেকেও বিনয় দিয়ে দলকে নেতৃত্ব দেয়। হারলে সে রাগ করে, আর সেটাই অসাধারণ। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে নেতৃত্বকে ভারসাম্যপূর্ণ করেছে। এখানে নেতা নিয়ে কোনো প্রশ্ন নেই, সে-ই নেতা। আর এমন নিরঙ্কুশ নেতা অনেক নির্দেশনা দিতে পারে।’

আর্জেন্টিনার বর্তমান স্কোয়াডে থাকা অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্ডি ডাকা হয় ‘দ্য জেনারেল’ নামে। তিনি পর্তুগিজ ক্লাব বেনফিকাকে রক্ষণভাগ থেকে নেতৃত্ব দেন। তাকে নিয়ে কোচ হোসে মরিনিয়ো বলেন, ‘অনেক ক্লাবে আর্মব্যান্ড শুধু ডান হাতে থাকে। কিন্তু এখানে সেটি এমন একজনের হাতে, যে সত্যিকারের অধিনায়ক এবং সেই দায়িত্ব বহন করে।’

এ ছাড়া মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেস বোকা জুনিয়র্স এবং রাইটব্যাক গঞ্জালো মন্টিয়েল রিভার প্লেটের অধিনায়কত্ব করছেন। এর বাইরে ক্রিস্টিয়ান রোমেরো টটেনহ্যাম হটস্পারের অধিনায়কত্ব দেন কোচ থমাস ফ্র্যাঙ্ক। আর্জেন্টাইন এই ডিফেন্ডারকে নিয়ে ফ্র্যাঙ্কের অভিমত, ‘কুতি সেই ধরনের নেতা, যাকে সবসময় কথা বলতে হয় না। তার উপস্থিতি ও তীব্রতাই নেতৃত্বের প্রতীক।’

লাউতারো মার্টিনেজকে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানে ‘এল কাপিতানো’ বলে জানে। ক্লাব কিংবদন্তি হাভিয়ের জানেত্তি তার সম্পর্কে বর্ণনা দিয়েছেন এভাবে, ‘সে প্রয়োজন ছাড়া কথা বলে না। ম্যাচে তার পূর্ণ নিবেদনই অন্যদের অনুপ্রাণিত করে। ক্লাবের প্রতি তার গভীর সংযুক্তি রয়েছে, আর সতীর্থরা প্রতিদিন তা দেখে।’

এর বাইরে এমিলিয়ানো মার্টিনেজ অ্যাস্টন ভিলার সহ-অধিনায়ক এবং সম্প্রতি ইউরোপা লিগজয়ী ক্লাবটিতে তার বেশ জোরালো প্রভাব রয়েছে। লিসান্দ্রো মার্টিনেজ ইনজুরিতে থাকলেও ম্যানচেস্টার ইউনাইটেডে নেতৃত্বের শক্ত অবস্থানে আছেন। এ ছাড়া নিকোলাস তালিয়াফিকো মাঝেমধ্যে অলিম্পিক লিও, লিয়েনার্দো বালের্দি অলিম্পিক মার্শেইকে নেতৃত্বের অভিজ্ঞতা এবং চেলসিকে কখনও কখনও নেতৃত্ব দিতে দেখা যায় এনজো ফার্নান্দেজকে। আনুষ্ঠানিকভাবে রদ্রিগো ডি পল দলকে নেতৃত্ব না দিলেও মাঠে ও বাইরে তাকে দলের অন্যতম চালিকাশক্তি বলে মনে করেন আনহেল ডি মারিয়া। 

বিশ্বকাপের মতো ফুটবলের সর্বোচ্চ মঞ্চে পরাশক্তি দলের অধিনায়কত্ব বেশ মর্যাদাপূর্ণ। আর্জেন্টিনারও অধিনায়কদের ইতিহাস বরাবরই আবেগ আর সাহসিকতায় ভরা। পেদ্রো ডেলাচা থেকে অ্যান্তনিও রাতিন, দানিয়েল পাসারেলা কিংবা ম্যারাডোনার যোগ্য উত্তরসূরী এখন মেসি। আর দলের সতীর্থরাও নেতৃত্বসম্পন্ন হলে তার কাজ কিছুটা সহজ হয় বৈকি! তবে মেসির বিদায়ের পর নেতৃত্বে তার উত্তরসূরি কে হবেন, সেই বিতর্ক দীর্ঘ হওয়ার ইঙ্গিতও দিচ্ছে!

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।