রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভঙ্গিতে পারদর্শী ‘নেইমার’ : হেলেদুলে থালা-বাটিতে দেয় লাথি

প্রকাশিত - ১৭ মে, ২০২৬   ১০:৪৪ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : দুই শিংয়ের মাঝখানে কোঁকড়ানো চুল। চুলগুলো দেখতে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারের মতো হওয়ার কারণে তার নামেই রাখা হয়েছে ষাঁড়টির নাম। শুধু তাই নয়; বিশাল আকার এই ষাঁড়টি রশিতে না বেঁধেই ছেড়ে রাখা হয়। স্বাভাবেও শান্ত এই নেইমার। তবে কখনও কখনও বলে হেড দেওয়ার মতো করে শিং দিয়ে মালিককে গুঁতিয়ে কিংবা খেতে দেওয়া পাত্রে লাথি দিয়ে নানা ভঙ্গিমায় মেতে থাকে ৩৫ মণের এই ষাঁড়টি।

যশোরের অভয়নগর উপজেলায় সাড়ে পাঁচ ফুট উচ্চতার বিশালদেহী ষাঁড়টির দেখা মিলেছে। ঈদের আগে বিক্রির জন্য প্রস্তুত প্রায় ৩৫ মণ ওজনের ষাঁড়টির দাম হাঁকানো হচ্ছে ১২ লাখ টাকা।বিশালদেহী ষাঁড়টির শরীর কিছুটা বাদামী রঙের আর মাথা, মুখ ও গলার সামনের অংশ দেখতে সাদাটে। পা, পেট আর বাদামী রঙের শরীরে কয়েকটি সাদাটে স্ট্রাইপ যোগ করেছে বাড়তি চেহারা। মাথার সামনের চুলের স্টাইল বেশ খানিকটা ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের মতো। মূলত এ কারণেই শখ করে মালিক ষাঁড়টির নাম রেখেছেন ‘নেইমার’।

নেইমারকে দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেকেই এক নজর নেইমারকে দেখতে বাড়িতে ভিড় করছেন। কেউ ছবি তুলছেন , কেউ আবার ভিডিও করছেন।ষাঁড়টির মালিক যশোরের অভয়নগর উপজেলার ডাঙামশিয়াহাটি গ্রামের নিরাঞ্জন পাঁড়ের  ছেলে দেবু পাঁড়ে (৩৩)।

তিনি জানান, ছোট বেলা থেকেই পশু পালনের প্রতি তার আগ্রহ থাকায় গরু পরিচর্যায়  তিনি বাবা-মাকে সহযোগিতা করতেন। এরপর পড়াশোনা শেষ করে ২০২২ সাল থেকে তিনি পারিবারিক খামার গড়ে তোলেন। বর্তমানে ৬টি গরু আছে তার খামারে। তার মধ্যে ষাঁড় আছে দুটি। তাদের খাদ্য তালিকায় রাখা হয়েছে খৈল, ভুষি, খড়, ভুট্টার গুড়া, সামান্য ভাত ও সবুজ ঘাস। প্রতিদিন প্রায় দেড় হাজার টাকার খাবার ও তিনবার করে গোসল করাতে হয় নেইমারকে।

দেবু পাড়ে বলেন, ‘তিন বছরের অধিক সময় ধরে ভালবাসা আর শ্রম দিয়ে  নিজের ছেলের মত করে লালন-পালন করছি নেইমারকে। উঁচু দেহ, আকর্ষণীয় শারীরিক গঠন এবং মাথার সামনের চুলের বিশেষ স্টাইলের কারণে ‘ফেলেক্স ভি জাতের’ এই গরুটি সহজেই অন্য যে কোনো গরু থেকে আলাদা নজর কাড়ছে। বর্তমানে নেইমারের ৩৫ মণ ওজন হতে পারে। অনেকেই গরুটি কেনার জন্য দাম জানতে চেয়েছেন। ভালো দাম না বলায় ষাঁড়টি এখনও বিক্রি করতে পারিনি। আমার দৃঢ় বিশ্বাস ঈদের আগেই ষাঁড়টি বিক্রি হবে। আমি ১২ লাখ টাকা হলে ছেড়ে দেব।

রোববার সকালে দেবু পাড়ের বাড়িতে দেখা যায়, বাড়ির পশ্চিম পাশে টিনের তৈরি একটি গোয়াল ঘরের পাশে ছাদ দেওয়া একটি প্রশস্ত কক্ষ। এই কক্ষেই নেইমার একাই থাকে। সেখানে মাঝে ষাঁড়টি ঘোরাফেরা করছে। ষাঁড়টির গলায় কোনো দড়ি না থাকায় মাঝে মাঝে ঘর থেকে উঠানে বেরিয়ে পায়চারি করছে আর ফেলে রাখা ঘাস ও পাত্রে রাখা খাবার খাচ্ছে। গরুটি অত্যন্ত শান্ত স্বভাবের হওয়ায় এবং কারও ক্ষতি না করায় সাধারণত গরুটিকে বেঁধে রাখা হয় না। আশপাশের বেশ কয়েকজন এসেছে গরুটি দেখতে।

ষাঁড়ের মালিক দেবু পাড়ের আঙ্গিনাতেই দাঁড়িয়ে ছিলেন তাদের প্রতিবেশী অমিও ধর। তিনি জানান, পরম মমতা আর যত্নে দেবু ষাঁড়টিকে বড় করেছেন। বিক্রি হবে জেনে বিশালাকৃতির ষাঁড়টি দেখতে দূর-দূরান্ত থেকে অনেকে দেখতে আসছেন। ষাঁড়টির দেখাশোনায় দেবুকে সবচেয়ে বেশি সহায়তা করেন তার মা ইতি পাড়ে। তিনি বলেন, গরুটি আমাদের পরিবারের একজন সদস্য হয়ে উঠেছে। বিক্রির কথা উঠতেই খারাপ লাগছে। কিন্তু কী করব? আর্থিক প্রয়োজনে বিক্রি করতে হচ্ছে।

জানতে চাইলে অভয়নগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘ষাঁড়টিকে আমি দেখতে গিয়েছিলাম। আদর করে ওরা ষাঁড়টিকে নেইমার বলে ডাকে। বিশালাকৃতি তবে ওজন মাপা হয়নি। সম্পূর্ণ স্বাভাবিক পরিবেশে প্রাকৃতিক খাবার খাইয়ে দেবু ও তার পরিবার নেইমারকে বড় করে তুলেছেন। আশা করছি বিক্রি করে তিনি উপযুক্ত মূল্য পাবেন।’

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।