রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

চরম খাদ্য সংকটের শঙ্কা বিশ্বজুড়ে

প্রকাশিত - ০৩ মে, ২০২৬   ১১:০২ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ইরান-আমেরিকা যুদ্ধে ধারাবাহিক উত্তেজনা এবং কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে সারের সরবরাহ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। ফলে যুদ্ধের প্রভাবে সারের চালান বন্ধ থাকায় বৈশ্বিক কৃষি উৎপাদনে ধস নামার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিশ্লেষকদের মতে, এই সংকটের ফলে বিশ্বজুড়ে ফসলের উৎপাদন ৩০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের খাদ্যনিরাপত্তার ওপর।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরিও এই ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরেন। তিনি জানান, কৃষিকাজ মূলত একটি নির্দিষ্ট ক্যালেন্ডার মেনে চলে। বর্তমানে অনেক দেশে ফসল রোপণের মৌসুম চললেও সারের অভাবে তা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে এশিয়ার বেশ কিছু দেশে ইতোমধ্যে বীজ বপনের সময় পেরিয়ে গেছে, যা আগামীতে খাদ্য ঘাটতিকে আরও ত্বরান্বিত করবে।

সারের তীব্র সংকটের কারণে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মতো বড় রপ্তানিকারক দেশগুলো তাদের চাষাবাদ পদ্ধতিতে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে। কৃষকরা এখন গম বা ভুট্টার মতো অধিক সারনির্ভর ফসল বাদ দিয়ে সয়াবিন চাষের দিকে ঝুঁকছেন, কারণ সয়াবিন প্রাকৃতিকভাবে বেশি নাইট্রোজেন ধরে রাখতে পারে। এছাড়া আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় অনেক কৃষক খাদ্যশস্য উৎপাদনের বদলে জৈব জ্বালানি উৎপাদনের দিকে মনোনিবেশ করছেন, যা বৈশ্বিক খাদ্য গুদামে টান ফেলবে।

ম্যাক্সিমো তোরিও সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিক বাজারে ইতোমধ্যে গম ও সয়াবিনের দাম বাড়তে শুরু করেছে। সারের উচ্চমূল্য এবং সরবরাহে বিঘ্ন ঘটার কারণে বছরের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি আরও জটিল হবে। এর ফলে, আগামী বছর খাদ্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যেতে পারে। তিনি মনে করিয়ে দেন যে, খাদ্যপণ্যের দাম শুধু কাঁচামালের ওপর নয়, বরং সার ও জ্বালানি খরচের ওপরও সমানভাবে নির্ভরশীল।

এফএও-র প্রধানের মতে, এই সংকট কোনো সাময়িক ঘটনা নয় বরং সময়ের সঙ্গে সঙ্গে এর গভীরতা বাড়ছে। তিনি বলেন, ‘ঘড়ির কাঁটা যত ঘুরছে এবং দিন যত অতিবাহিত হচ্ছে, পরিস্থিতির তত অবনতি ঘটছে।’ দ্রুত কোনো সমাধান না আসলে উচ্চ খাদ্য মূল্যস্ফীতি এবং বৈশ্বিক সরবরাহ চেইন স্থবির হয়ে পড়ার কারণে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়তে পারে বিশ্ব।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।