রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল

প্রকাশিত - ০৯ এপ্রিল, ২০২৬   ০৪:২৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বিসিবিতে রদবদল হয়েছে গত মঙ্গলবার। আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তাদের নেতৃত্বে গতকাল (বুধবার) অনুষ্ঠিত সভায় নারী ও পুরুষ ক্রিকেটারদের ঘরোয়া লিগে ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

লাল বলের ঘরোয়া প্রতিযোগিতায় ম্যাচ-ফি বাড়ায় খুশি ক্রিকেটাররা। টেস্টের তারকা ক্রিকেটার তাইজুল ইসলাম এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তামিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, ‘আমাদের টেস্ট ক্রিকেটে উঠে আসার যাত্রাটা শুরু হয় মূলত জাতীয় লিগ থেকে, যা বাংলাদেশের ফার্স্ট-ক্লাস ক্রিকেটের ভিত্তি। আমরা সবাই এই টুর্নামেন্টে দীর্ঘ সময় ধারাবাহিকভাবে পারফর্ম করার মাধ্যমে সুযোগ পাই ‘এ’ দল এবং পরবর্তীতে জাতীয় দলে খেলার।’

ক্রিকেটাররা এখন আরও অনুপ্রাণিত হবেন বলেও প্রত্যাশা তাইজুলের, ‘অতীতে এই টুর্নামেন্টে ম্যাচ ফি এবং সুযোগ-সুবিধা তুলনামূলকভাবে অনেক কম ছিল। অনেকেই এটাকে কিছুটা অবহেলিত প্রতিযোগিতা হিসেবে দেখতেন। কিন্তু বর্তমানে তামিম ইকবালের নেতৃত্বে যে উদ্যোগ নেওয়া হয়েছে, বিশেষ করে স্যালারি স্ট্রাকচার ও ম্যাচ ফি বৃদ্ধি– তা সত্যিই প্রশংসনীয়। এই পরিবর্তন আমাদের মতো খেলোয়াড়দের জন্য অনেক বেশি অনুপ্রেরণাদায়ক।’

প্রসঙ্গত, ঘরোয়া ক্রিকেটে বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ নারী ক্রিকেটারদের বেতন আগে ছিল ৩০ হাজার টাকা। বিসিবি সেটি এখন ৪০ হাজারে বর্ধিত করেছে। এ ছাড়া ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচের জন্য এখন থেকে নারী ক্রিকেটাররা পাবেন ১০ হাজার টাকা করে, একদিনের ম্যাচের জন্য ১৫ হাজার ও দীর্ঘ সংস্করণ, দুই-তিন কিংবা চার দিনের ম্যাচের জন্য পাবেন ২০ হাজার টাকা করে।

পুরুষদের প্রথম শ্রেণির ক্রিকেটের চুক্তিতে ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ছিল মাসে আগে ৩৫ হাজার টাকা। এখন সেটা বেড়ে এক লাফে ৬৫ হাজার হয়েছে। ‘বি’ ক্যাটাগরিতে ছিল ৩০ হাজার, সেটি হয়েছে ৫০ হাজার। ‘সি’ ক্যাটেগরির ২৫ হাজার বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে (জাতীয় লিগ ও বাংলাদেশ ক্রিকেট লিগ) ম্যাচ ফি আগে ছিল ৭০ হাজার টাকা। এখন তা বেড়ে হয়েছে ১ লাখ টাকা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।