রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

২০ বছর পর শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ

প্রকাশিত - ০৩ এপ্রিল, ২০২৬   ০৩:৪৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: হকিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ মানেই অনায়াসে বাংলাদেশের বড় জয় ৷ ৩ এপ্রিল থাইল্যান্ডে এশিয়ান গেমসের বাছাই টুর্নামেন্টে শ্রীলঙ্কা ৩-২ গোলে বাংলাদেশকে হারিয়েছে। ২০০৬ সালের কলম্বো এসএ গেমসের পর বাংলাদেশ হকিতে শ্রীলঙ্কার কাছে হারল। 

জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক মামুনুর রহমান চয়ন বলেন, ‘২০০৬ সালে শ্রীলঙ্কায় এক ম্যাচ হারের পর আমরা কখনও হারিনি। শ্রীলঙ্কার বিপক্ষে আমার এক ম্যাচে ৫ গোল রয়েছে। টুর্নামেন্টে এমন এক ম্যাচে হতেই পারে। আগামীর ম্যাচে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ এশিয়ান গেমস নিশ্চিত ও চ্যাম্পিয়ন হয়ে ফিরবে প্রত্যাশা করি।’

চয়নের মতো একই তথ্য দিলেন জাতীয় দলের আরেক অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। তারা দুই জনই গত দুই দশকে বাংলাদেশ হকির সবচেয়ে বড় দুই তারকা। উভয়েই দাপটের সঙ্গে দীর্ঘদিন খেলেছেন। তাদের সময়ে শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে লড়াই করতে পারত না। ৬-৮ গোলে হারের ঘটনা অসংখ্য। 

এশিয়ান গেমসে বাছাই টুর্নামেন্টে দলের প্রধান কোচ সাবেক জাতীয় খেলোয়াড় আতিকুজ্জামান। তিনি এই হার নিয়ে ব্যাংকক থেকে বলেন, ‘ডিপ ডিফেন্স আমাদের ঠিকমতো হয়নি। প্রতিপক্ষের খেলোয়াড় মার্কিংয়ে সমস্যা ছিল। টানা দু’দিন দুই ম্যাচ গরমের মধ্যে খেলতে হয়েছে। আজকের হারের দায় কোচ হিসেবে আমি নিচ্ছি।’

এশিয়ান গেমসের বাছাই টুর্নামেন্টে বাংলাদেশ একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে। আজকের ম্যাচে হারের পর এশিয়ান গেমসে খেলাটা খানিকটা শঙ্কার মধ্যে। বাংলাদেশের গ্রুপে ইতোমধ্যে শ্রীলঙ্কার ৬ পয়েন্ট। চাইনিজ তাইপে শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালে তাদেরও ৬ পয়েন্ট হবে। তাই বাংলাদেশের সেমিফাইনাল ও এশিয়ান গেমসে খেলতে হলে শেষ ম্যাচে উজবেকিস্তানকে বড় ব্যবধানে হারাতে হবে। যা নিয়ে আশাবাদী বাংলাদেশের কোচ, ‘৬ এপ্রিল উজবেকিস্তানকে হারাতে আমরা বদ্ধপরিকর। এই ম্যাচের ভুল কাটিয়ে উজবেকিস্তানকে হারিয়ে আমরা সেমিফাইনাল ও এশিয়ান গেমস নিশ্চিত করতে চাই।’

আজ ম্যাচের ৬ মিনিটে শ্রীলঙ্কা ম্যাচে লিড নেয়। প্রথম কোয়ার্টারের শেষদিকে পেনাল্টি স্ট্রোক থেকে ম্যাচে সমতা আনেন আশরাফুল। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে শ্রীলঙ্কা আবার লিড নেয়। তৃতীয় কোয়ার্টারে কোন দলই গোল করতে পারেনি। চতুর্থ কোয়ার্টারের চার মিনিটে শ্রীলঙ্কা ব্যবধান বাড়িয়ে ৩-১ করে। শ্রীলঙ্কা গোল করার পরের মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করেন বাংলাদেশের আমিরুল। বাকি ১১ মিনিট বাংলাদেশ সমতা আনার চেষ্টা করেও পারেনি। শ্রীলঙ্কা পুরো ম্যাচে মাত্র একটি পেনাল্টি কর্নার পেয়েছে। বাংলাদেশ ছয়টি পেয়েও গোল করতে পেরেছে মাত্র একটি। পেনাল্টি কর্নার স্পেশালিষ্ট সোহানুর রহমান সবুজের অনুপস্থিতি টের পাচ্ছে বাংলাদেশ দল। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।