রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসে রাজধানীর সড়কে চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা

প্রকাশিত - ২৫ মার্চ, ২০২৬   ০৯:৫৮ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) রাজধানীতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামীকাল জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, বঙ্গভবনে অনুষ্ঠান এবং মানিক মিয়া এভিনিউয়ে কনসার্ট অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠান ঘিরে রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ ও ডাইভারশন দেয়া হবে।

বুধবার ডিএমপি কমিশনার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ (সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত) ও বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ (বিকাল ৪টা হতে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত) অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান দুটিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, বিদেশি কূটনৈতিক, উচ্চ পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতা ও প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এছাড়া মানিক মিয়া এভিনিউয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে কনসার্ট (সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১১টা) অনুষ্ঠিত হবে।
 
এ অবস্থায় অনুষ্ঠানগুলো ঘিরে নাগরিকদের চলাচলে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা অনুসরণের আহ্বান জানিয়েছে ডিএমপি।
 
যেসব সড়ক বন্ধ থাকবে-

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, আগামীকাল সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জাতীয় প্যারেড স্কয়ার সংলগ্ন নিম্নলিখিত সড়কগুলোতে স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারবে না:

* আগারগাঁও লাইট ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং।

* প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড (আগারগাঁও লিংক রোড)।

 শিশুমেলা ক্রসিং থেকে আগারগাঁও ক্রসিং (সৈয়দ মাহবুব মোর্শেদ রোড)।

* জুলাই স্মৃতি জাদুঘর ক্রসিং (পুরাতন গণভবন) থেকে উড়োজাহাজ ক্রসিং।

যানজট এড়াতে ডিএমপি বেশ কিছু বিকল্প রুট বা ডাইভারশন পয়েন্ট নির্ধারণ করেছে-

* মিরপুর-১০ থেকে মহাখালী/ফার্মগেটগামী: যারা মিরপুর-১০ থেকে রোকেয়া সরণি হয়ে ফার্মগেট বা ধানমন্ডি যেতে চান, তাদের আগারগাঁও লাইট ক্রসিং থেকে ডান দিকে মোড় নিয়ে শিশুমেলা হয়ে মিরপুর রোড ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

* জাহাঙ্গীর গেট থেকে বিআইসিসিগামী: জাহাঙ্গীর গেট থেকে আসা যানবাহনগুলো বিজয় সরণি দিয়ে ডান দিকে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং ও লেক রোড হয়ে মিরপুর রোডে প্রবেশ করবে।

* ফার্মগেট থেকে মিরপুরগামী: ফার্মগেট বা বিজয় সরণি থেকে মিরপুরগামী যানবাহনগুলোকে রোকেয়া সরণি এড়িয়ে খেজুরবাগান ও মানিক মিয়া এভিনিউ হয়ে মিরপুর রোড ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

* ধানমন্ডি থেকে মিরপুর-১০ গামী: ধানমন্ডি থেকে যারা কাজীপাড়া বা শেওড়াপাড়া যাবেন, তারা রোকেয়া সরণি না ধরে মিরপুর রোড ও টেকনিক্যাল মোড় হয়ে যাতায়াত করবেন।

বিকেলে ও রাতে বিশেষ সতর্কতা-

বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান থাকবে। এছাড়া সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মানিক মিয়া এভিনিউয়ে স্বাধীনতা দিবসের কনসার্ট অনুষ্ঠিত হবে। এসময় সংশ্লিষ্ট এলাকাগুলোতে অতিরিক্ত যানবাহনের চাপ থাকতে পারে বলে জানানো হয়েছে।স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে নগরবাসীকে ট্রাফিক নির্দেশনা মেনে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।